ঢাকার নবীনগরে ট্রাক চাপায় স্কুল ছাত্রী নিহত
ঢাকার নবীনগর-কালিয়াকৈর সড়কে পলাশবাড়ি এলাকার ‘আমার স্কুল প্রাথমিক বিদ্যালয়ে’-এর এক ছাত্রী বুধবার সকাল পৌনে নয়টার দিকে ট্রাক চাপায় নিহত হয়েছে।
সূত্র জানায়, ওই স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী রহিমা বেগমকে (৭) রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক (যশোর-ট-৬৬০) চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। রহিমার বাবার নাম আব্দুর রহিম।
এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী প্রায় দুই ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে এবং ১০/১২টি গাড়ি ভাংচুর করে।
এ সময় নবীনগর থেকে কালিয়াকৈর পর্যন্ত প্রায় আট কিলোমিটার রাস্তার দু’পাশে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়।
সংবাদ পেয়ে র্যাব এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আটক ট্রাক চালককে এলাকাবাসী র্যাব এবং পুলিশের কাছে সোপর্দ করে।
