২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে এখনও রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে: মানবিক প্রতিরোধে সন্ত্রাস হোক নির্মূল শীর্ষক সেমিনারে বক্তারা

৭১-এর পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে রাষ্ট্রীয় সন্ত্রাসের জন্ম দিয়েছিল এবং এখনও তা চলছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2005, 09:01 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

মানবিক প্রতিরোধে হোক সন্ত্রাস নির্মূল-শ্লোগানে ঢাকায় শুরু হওয়া দু’দিনব্যাপী সন্ত্রাস বিরোধী ঐক্য কনভেনশনে আয়োজিত এক সেমিনারে মঙ্গলবার বক্তারা এ কথা বলেন।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত ‘রাষ্ট্রীয় সন্ত্রাস বনাম আইনের শাসন’ শীর্ষক এ সেমিনারে সভাপতিত্ব করেন ব্যরিস্টার আমীর উল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক অজয় রায়। আলোচনায় অংশ নেন ড. মশিউর রহমান, জনাব বজলুর রহমান, মোস্তফা ফারুখ আহম্মেদ এবং জনাব মোজাম্মেল বাবু।

মূল প্রবন্ধে অধ্যাপক অজয় রায় বলেন, দেশের সর্বত্র আজ চলছে রক্তের মহোৎসব আর হোলি খেলা। সরকারের নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীও চালাচ্ছে হত্যাকাণ্ড। আইন বহির্ভুতভাবে পুলিশ বা গোয়েন্দা সংস্থার রিমান্ডে স্বীকারোক্তির নামে মানুষ হত্যা করছে।

আলোচনায় অংশ নিয়ে জনাব বজলুর রহমান বলেন, ৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসের শুরু। বঙ্গবন্ধু হত্যার রায় কার্যকরী করা না হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।

জনাব মশিউর রহমান বলেন, দেশের বর্তমান পরিস্থিতি দেখলে মনে হয় আইন মানবাধিকার এগুলোর কোনও সংগা নেই।

জনাব মহিউদ্দিন খান আলমগীর বলেন, দেশে এখন বিচার বহির্ভূত হত্যার সংখ্যা বাড়ছে।

জনাব মোজাম্মেল বাবু বলেন, জোট সরকার দেশে খুনের শাসন কায়েম করছে। সত্যিকার অপরাধীদের জেল থেকে ছেড়ে দিয়ে তারা নিরপরাধ মানুষকে হত্যা করছে।

সমাপনী বক্তব্যে ব্যারিস্টার আমীর উল ইসলাম বলেন, একাত্তরের পরাজিত শক্তি জোট সরকারের ঘাড়ে ভর করেছে। এ অপশক্তি এদেশকে চিরতরে ধ্বংস করতে চায়। তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি এদেশকে নিয়ে সবসময়ই ষড়যন্ত্রে লিপ্ত।

তিনি বলেন, দেশ এখন ভয়াবহ ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছে। এ সংকট উত্তরণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।