হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবীরা, সংবিধানের ব্যাপারে হাইকোর্ট সর্বোচ্চ কর্তৃপক্ষ নয়: অ্যাটর্নি জেনারেল
হাইকোর্টের ২৯ আগস্টের রায়কে সুপ্রিম কোর্টের আইনজীবীরা ঐতিহাসিক ও যুগান্তকারী বলে স্বাগত জানালেও অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী বলেন, সংবিধানের ব্যাপারে হাইকোর্ট সর্বোচ্চ কর্তৃপক্ষ নয়।
হাইকোর্ট ২৯ আগস্ট এক রায়ে সংবিধানের ৫ম সংশোধনী এবং খন্দকার মোশতাক আহমদ, আবু সাদাত মোহাম্মদ সায়েম ও মেজর জেনারেল জিয়াউর রহমান কর্তৃক রাষ্ট্রক্ষমতা দখলের বিষয়টিকে অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা করে।
হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে বুধবার সরকার আপিল বিভাগে একটি আপিল দায়ের করবে।
অ্যাটর্নি জেনারেল তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, আপিলের অনুমতি চেয়ে মঙ্গলবার সরকার আবেদন জানালে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের ব্যাপারে অনুমতি দেওয়া হয়েছে।
তিনি বলেন, আপিলেট ডিভিশনের চেম্বার জজ হাইকোর্টের রায় বুধবার পর্যন্ত স্থগিতের আদেশ দিয়েছেন। বুধবার আপিল আবেদন দায়ের করা হবে।
অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী সাংবাদিকদের এ ব্যাপারে আর কোনও প্রশ্ন করার অনুমতি দেননি।
এদিকে হাইকোর্টের এ রায়ের ব্যাপারে সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেন, হাইকোর্টের রায়ের কারণে জাতির সামনে অনেক কিছুই প্রকাশ হয়ে পড়েছে।
তিনি বলেন, সামরিক আইন প্রশাসনের হাতে দেশের সংবিধান সংশোধিত হতে পারে না, হাইকোর্টের রায়ের মাধ্যমে তা প্রতিষ্ঠিত হল।
এক প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, কী কারণে সরকার তাড়াহুড়ো করে হাইকোর্টের আদেশ স্থগিত করে দিয়েছে তা অ্যাটর্নি জেনারেল ভালো করেই জানেন।
বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, হাইকোর্টের রায়ের মাধ্যমে আদালতের ওপর দেশের জনগণের আস্থা পুনঃস্থাপিত হলো।
হাইকোর্টের রায়ের ব্যাপারে সোমবার মধ্যরাতে আপিলেট ডিভিশনের স্থগিতাদেশ প্রসঙ্গে তিনি বলেন, কিছু রায়ের ব্যাপারে উচ্চ আদালত খুব সজাগ, কিন্তু বঙ্গবন্ধু হত্যা মামলার মতো কিছু মামলার বেলায় আদালত ঘুমিয়ে আছে। তিনি বলেন, হাইকোর্টের রায়ের ব্যাপারে স্থগিত আদেশ প্রদানের জন্য সরকার অন্ততঃ মঙ্গলবার সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারত।
ড. এম জহির হাইকোর্টের এ রায়কে একটি ভালো রায় বলে উল্লেখ করেন। কিন্তু এটিকে স্থগিত করার জন্য সরকারকে মধ্যরাতে আপিলেট ডিভিশনে যাওয়ার প্রয়োজন ছিল না বলে তিনি জানান।
সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু হাইকোর্টের এ রায়কে অত্যন্ত বিলম্বিত একটি রায় বলে উল্লেখ করেন। তিনি বলেন, আপিলেট ডিভিশনকে সংবিধান রক্ষা করতে হবে। সুপ্রিম কোর্ট মধ্যরাতে হাইকোর্টের রায় স্থগিত করে দেয়, কিন্তু সংবিধান রক্ষার ব্যাপারে সুপ্রিম কোর্টকে এতটা তৎপর হতে আমরা দেখিনি।
সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি অ্যাড. মাহবুবে আলম বলেন, যে সরকার নিজেকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার দাবি করে সেই সরকার সামরিক আইনকে সমর্থন করেছে এবং হাইকোর্টের রায় স্থগিতের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণে পদক্ষেপ নিয়েছে। এ ঘটনার মাধ্যমে আইনের শাসন ও গণতন্ত্রের প্রতি সরকারের মনোভাব প্রতিফলিত হয়েছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
