২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম দ্রুত বিচার আদালতের বিচারক মঙ্গলবার কক্সবাজারের আলোচিত সৈয়দ করিম প্রকাশ হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2005, 05:33 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

বিচারক সৈয়দ হাসান ইমাম এ খুনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি নুরুল কবিরের মৃত্যুদণ্ডের আদেশ দেয়। অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি মনজুরুল আলমকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

কক্সবাজার সদর থানার নাপিতখালি গ্রামের হাজি আবদুল করিমের পুত্র সৈয়দ করিমকে ২০০১ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় সৈয়দ করিমের ভাই জহির আহমদ বাদি হয়ে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন।

২০০৩ সালের ২২ ফেব্রুয়ারি এ মামলায় মনজুরুল আলম ও নুরুল কবিরকে আসামি করে পুলিশ চার্জশিট দেয়।

২০০৫ সালের ২৫ জানুয়ারি মামলাটি চট্টগ্রাম দ্রুত বিচার আদালতে পাঠানো হয়। মোট ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।

রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি অ্যাডভোকেট আহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজুর আহাম্মদ আনসারী।