২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবি বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় খুলনা অঞ্চলের সাংসদরা বিপাকে

খুলনাবাসীর দাবি বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় চারদলীয় ঐক্য জোটের খুলনা অঞ্চলের সাংসদরা বর্তমানে এখন ঘরে বাইরে রয়েছেন তোপের মুখে। তিনটি কারণে তারা এই সমস্যায় পড়েছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2005, 08:59 AM

Updated : 26 Apr 2022, 06:03 PM

প্রথমত: অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রধানমন্ত্রীসহ জোট নেতৃবৃন্দের দেওয়া উন্নয়ন প্রতিশ্রুতি বাস্তবায়ন না করা, দ্বিতীয়ত: বাজেটে খুলনার উন্নয়নের জন্য নির্দিষ্ট অর্থ বরাদ্দ না রাখা এবং তৃতীয় কারণ হল, মিল-কলকারখানাগুলো পর্যায়ক্রমে বন্ধ হয়ে পড়ায় ফুঁসে উঠেছে খুলনাবাসী।

দাবি আদায়ে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃত্বে সরকার বিরোধী আন্দোলন দানা বেঁধে উঠেছে। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসায় জোট নেতৃবৃন্দ বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন।

পাশাপাশি আওয়ামী লীগ ও সমমনা দলগুলোর জন্য বৃহত্তর এ ইস্যুগুলো প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনের আগে খুলনা অঞ্চলের উন্নয়নে সরকার ইতিবাচক পদক্ষেপ না নিলে এ এলাকায় জোটের ভরাডুবি হতে পারে বলে নির্বাচনী পর্যবেক্ষকরা ধারণা করছেন।

আন্দোলনরত বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফুল জামান বিডিনিউজকে জানান, খুলনায় সমৃদ্ধ অর্থনীতির ভিত্তি প্রতিষ্ঠায় এ অঞ্চলের রাজনীতিকরা কোন সময়ই জোরালো ভূমিকা রাখতে পারেননি। এখনও পারছেন না। শিল্প ও বন্দর নগরীর অনেক শিল্প-কারখানা বন্ধ হয়ে গেছে। কর্মহীন শ্রমিক কর্মচারিরা মানবেতর জীবনযাপন করছে। নির্মানাধীন খানজাহান আলী বিমান বন্দর, শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য বাজেটে বরাদ্দ নেই।

তিনি আরও বলেন, মংলা বন্দরের সংকট নিরসন ও আকরাম পয়েন্টে গভীর সমুদ্র বন্দর নির্মাণের দাবিও বাস্তবায়িত হচ্ছে না। খুলনায় পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ প্রকল্প ফাইল বন্দী।

এ ব্যাপারে এ অঞ্চলের সর্বস্তরের মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে।

সচেতন মহলের অভিযোগ, খুলনাবাসীর এ সকল দাবি বাস্তবায়নে বর্তমান সাংসদদের কোনও তৎপরতা নেই। তাদের উদাসীনতার খেসারত দিতে দিতে খুলনাবাসীকে।

অনুসন্ধানে জানা গেছে, বিগত জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খুলনা-২ আসন থেকে নির্বাচনে জয়ী হন। নির্বাচনের প্রাক্কালে তিনি খুলনাবাসীকে অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন। এগুলোর মধ্যে-রূপসা সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করা, খানজাহান আলী বিমান বন্দর নির্মাণ, মংলা বন্দরের সংকট নিরসন, আকরাম পয়েন্টে গভীর সমুদ্র বন্দর, খুলনায় পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ ইত্যাদি। এর মধ্যে শুধুমাত্র খানজাহান আলী (রূপসা সেতু) সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হয়েছে।

এদিকে জোট সরকার ক্ষমতাসীন হবার পর খুলনার পাটকলগুলোর উৎপাদন বন্ধ হয়ে গেছে। লোকসানের অজুহাতে এশিয়ার বিখ্যাত কাগজকল খুলনা নিউজ প্রিন্ট মিলস, হার্ডবোর্ড মিলস ও দৌলতপুর জুট মিলস বন্ধ করে দেওয়া হয়।

জানা যায়, অবহেলিত খুলনা অঞ্চলের দাবি বাস্তবায়নের লক্ষ্যে বৃহত্তর খুলনা সংসদ সদস্যদের সমন্বয়ে চলতি বছর ১২ মার্চ বৃহত্তর খুলনা উন্নয়ন সংসদ সদস্য সমন্বয় কমিটি গঠিত হয়। কমিটি গঠনের চার মাস পরেও ওই কমিটির কোন সভা অনুষ্ঠিত হয়নি।