উপকূলীয় অঞ্চলে সুনামির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না: খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেছেন, উপকূলীয় অঞ্চলে সুনামির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু সুনামির ভয়াবহতা সম্পর্কে এদেশের মানুষ অবহিত নয়।
মন্ত্রী মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাপানি গল্প ‘আমরাও গোহি হব’ ও ‘সুনামির সচেতনতা থেকে শিক্ষা’ শীর্ষক দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
জাপানি গল্প ‘ইনামুরা নো হি’ অবলম্বনে জাপান সরকারের অর্থায়নে বিডিপিসি সুনামির আগে সতর্কতামূলক বই দুটি প্রকাশ করে। সুনামি সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যাপক প্রচারের জন্য মন্ত্রী বই দুটি উপকূলীয় অঞ্চলে বিনামূল্যে প্রচারের তাগিদ দেন।
তিনি আরও বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণেই আকস্মিক বন্যা, ঘূর্ণিঝড়, নদী-ভাঙন, খরা, শৈত্য-প্রবাহ এবং ভূমিকম্পনজনিত দুর্যোগের সাথে পরিচিত থাকলেও সুনামির ভয়াবহতা সম্পর্কে এদেশের মানুষ সচেতন নন। খবর প্রেসবিজ্ঞপ্তির।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা সচিব মুহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক সচিব এবিএম মোজাহারুল হক, বাংলাদেশে জাপান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হিবিতোসি উকিতা ও বিডিপিসির পরিচালক সাইদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
মন্ত্রী বলেন, বড় ধরনের ভূ-কম্পন হলে বাংলাদেশে ব্যাপক বিপর্যয় ঘটতে পারে। এ ধরনের বিপর্যয় রোধ এবং ক্ষয়ক্ষতি কমাতে এখন থেকেই আমাদের সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, স্বল্প ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ হিসেবে সুনামি মোকাবেলায় করণীয় বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গড়ে তোলার কৌশল আমাদের খুঁজে বের করতে হবে।
