খাগড়াছড়ি ওয়ান্টেড জঙ্গি বাগেরহাটে গ্রেফতার
খাগড়াছড়ি থেকে পালিয়ে আসা জামা’আতুল মুজাহিদীনের এক স্বক্রিয় ক্যাডারকে বাগেরহাট পুলিশ সোমবার গ্রেফতার করেছে।
খাগড়াছড়িতে আটক জামা’আতুল মুজাহিদীন নেতা শহিদুল ও এমদাদুল হকের স্বীকারোক্তি অনুযায়ী বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রাম থেকে ইসমাঈল জমাদ্দার (২৬) নামে ঐ জঙ্গিবাদী মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়।
বাগেরহাটের পুলিশ সুপার এম মোস্তফা কামাল জানান, খাগড়াছড়ি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী ধৃত ইসমাঈল শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের মজিদ জমাদ্দারের পুত্র। সে দীর্ঘদিন ধরে সেটেলার বাঙালি হিসাবে খাগড়াছড়ি জেলা শহর সংলগ্ন শালবন এলাকায় বসবাস করতো। সেখানে সে একটি মাদ্রাসায় শিক্ষকতা করে। গত ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার সময় সে খাগড়াছড়িতে ছিলো। ঐ ঘটনার পর সে পালিয়ে গ্রামের বাড়ি চলে আসে এবং দাড়ি কোটে ফেলে। খাগড়াছড়ি পুলিশের একটি দল ইসমাঈলকে নিতে বাগেরহাট আসছে।
