২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ৭ সাংবাদিককে হত্যার হুমকি দিয়ে চিঠি, ৩ জনের বিরুদ্ধে এবার চাঁদাবাজির মামলা

বাগেরহাটে সাতজন সাংবাদিককে হত্যার হুমকি দিয়ে সোমবার ডাকযোগে পৃথক সাতটি চিঠি পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2005, 08:45 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

এছাড়া সাতজনের মধ্যে তিনজনের নামে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে একই দিনে একটি মামলাও দায়ের করা হয়েছে।

অজ্ঞাতনামা হুমকিদাতা টাইপ করা চিঠিতে প্রেসক্লাবসহ কয়েকটি পত্রিকা অফিসের নাম উল্লেখ করে জানায়, আর যদি এমপি’র নামে বাজে কথা লেখা হয় তবে আহলে হাদিসের ক্যাডারদের দিয়ে ওইসব স্থান বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। তবে চিঠিতে এমপির নাম বা দলীয় পরিচয় উল্লেখ করা হয়নি। সোমবার সকালে ডাকযোগে বাগেরহাট প্রেসক্লাবের ঠিকানায় পৃথক এই চিঠি সাতটি এসে পৌঁছে।

হুমকিপ্রাপ্ত সাংবাদিকরা হলেন, দৈনিক প্রথম আলোর আহাদ হায়দার, দৈনিক মানবজমিনের আহসানুল করিম, বার্তা সংস্থা এনএনবি’র নীহার রঞ্জন সাহা, দৈনিক আমার দেশের জাকারিয়া মাহমুদ, দৈনিক জনকন্ঠের বাবুল সরদার, দৈনিক সংবাদের আজাদুল হক এবং দৈনিক জন্মভূমির মোল্লা আব্দুর রব।

এদের মধ্যে প্রথম তিন জনের নামে সোমবার বাগেরহাট আদালতে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা করা হয়েছে। স্থানীয় বিএনপি দলীয় এমপি এমএএইচ সেলিমের মালিকানাধীন একটি বাড়িতে গত ১৭ আগস্ট সংঘঠিত নারী নির্যাতনের সংবাদ প্রকাশ করায় গত ২৩ আগস্ট সাংবাদিক আহাদ হায়দার ও আহসানুল করিমের নামে মানহানির একটি মামলা করা হয়েছিল।

প্রসঙ্গত, গত ১৭ আগস্ট রাতে বাগেরহাট শহরের স্টেডিয়াম এলাকায় স্থানীয় বিএনপি দলীয় এমপি এমএএইচ সেলিমের মালিকানাধীন একটি বাড়িতে প্রকাশনা বন্ধ একটি পত্রিকা অফিসে দুই বোনকে নির্যাতনের খবর ১৯ আগস্ট মানবজমিনসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে স্থানীয় এমপি ও নির্যাতিতাদের পরিবারের মানসম্মান ক্ষুন্ন হওয়ার অভিযোগ এনে লক্ষ্মীরাণী দাস গত ২৩ আগস্ট বাগেরহাট ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন।

এদিকে, হুমকি বিষয়ক চিঠি পেয়ে বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল সরদারের নেতৃত্বে সাংবাদিকরা পুলিশ সুপার এম মোস্তফা কামালের সাথে দেখা করে নিরাপত্তা দাবি করেন। পুলিশ সুপার বিষয়টি তদন্তের জন্য গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেন এবং সাংবাদিকদের নিরাপত্তার আশ্বাস দেন।