নারায়ণগঞ্জে চোরাই তেলের রমরমা ব্যবসা
চোরাই তেলের ব্যবসা বন্ধ করতে সরকার তেলের মূল্য বৃদ্ধি ও তেলের সাথে রং মেশানোসহ অপব্যবহার প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও নারায়ণগঞ্জে চোরাই তেলের ব্যবসা চলছে জমজমাট।
যৌথ বাহিনী ও র্যাবের অভিযান শুরুর পর কিছুদিন এ ব্যবসা বন্ধ থাকলেও পরবর্তীতে স্থানীয় এমপি ও ক্ষমতাসীন শীর্ষ নেতাদের মদদে পুনরায় এ ব্যবসা শুরু হয়।
একদিকে সরকার মাসে মাসে শত শত কোটি টাকা গচ্চা দিচ্ছে। অন্যদিকে সরকার দলীয় কিছু লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চোরাই তেলের ব্যবসা করছে।
জানা গেছে, ফতুল্লার বুড়িগঙ্গা নদী, সিদ্ধিরগঞ্জ ও শীতলক্ষ্যা নদীতে প্রায় রাতেই একটি সংঘবদ্ধ চক্র সরকারি তেল ডিপোগুলোতে আসা ট্যাংকার থেকে তেল পাচার করে নিচ্ছে। চক্রটি পুলিশ ও সরকারি তেল সরবরাহকারী কর্মকর্তা-কর্মচারিদের হাত করে প্রতি রাতে হাজার হাজার ব্যারেল তেল খালাস করে নিচ্ছে।
চারটি চোরাচালানী সিণ্ডিকেট পালাক্রমে তেলের ট্যাংকারগুলো থেকে প্রতিদিন হাজার হাজার ব্যারেল তেল পাচার করে নিচ্ছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, বড় আকারের ইঞ্জিনচালিত নৌকায় কয়েকটি ড্রাম রাখা হয়। জেনারেটর ব্যবহার করে বৈদ্যুতিক মটর দিয়ে তেলের ট্যাংকার থেকে তেল টেনে এনে ড্রামগুলো ভরা হয়।
বুড়িগঙ্গা নদী কেরাণীগঞ্জ থানার আওতায় হওয়ায় তেল খালাস করতে ফতুল্লা ও কেরাণীগঞ্জ এ দু’থানার পুলিশ, ডিবি, সিআইডিসহ সংশ্লিষ্ট দপ্তরকে হাত করতে হয় বলে একটি সূত্র জানায়।
এছাড়া পঞ্চবটি, পাগলা এলাকায় গড়ে উঠেছে ২৫/৩০টি চোরাই তেলের দোকান।
অপরদিকে সিদ্ধিরগঞ্জে পদ্মা ও মেঘনা নামের দু’টি তেল ডিপো রয়েছে। এ ডিপো দু’টিকে কেন্দ্র করে সরকার দলীয় শতাধিক ব্যক্তি চোরাই তেলের ব্যবসার সাথে জড়িত।
র্যাবের অভিযান শুরু হওয়ার পর সিদ্ধিরগঞ্জ বাসস্ট্যাণ্ড এলাকায় চোরাই তেলের গুদাম থেকে অস্ত্রসহ জসিম নামের একজন গ্রেফতার হয়। পরবর্তীতে জামিনে ছাড়া পেয়ে সে পুনরায় চোরাই তেলের ব্যবসা শুরু করে।
চোরাই তেলের ব্যবসা বন্ধে স্থানীয় জন প্রতিনিধি, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কোনও মাথা ব্যথা নেই। বরং সবাই বাড়তি আয়ের আশায় অবৈধ এ ব্যবসায়ীদেরকে প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।
একদিকে সরকার জ্বালানি তেলের অপব্যবহার রোধে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। অন্যদিকে সরকারি দলের জন প্রতিনিধি, শীর্ষ নেতা ও আইন প্রয়োগকারী সংস্থার লোকজন তেল পাচারে পৃষ্ঠপোষকতা করছে।
