২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইক্ষ্যংছড়িতে ইসলাম রক্ষা পরিষদের নামে রহস্যময় লিফলেট

কক্সবাজারের প্রতিবেশী উপজেলা পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ ইসলাম রক্ষা পরিষদের নামে একটি রহস্যময় লিফলেট বিলি হচ্ছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

স্থানীয় বিভিন্ন অফিস, গুরুত্বপূর্ণ এলাকা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বেশ কয়েকজন স্থানীয় ব্যবসায়ীকে ডাকযোগে এ লিফলেট পৌঁছানো হয়েছে। লিফলেটটির শিরোনাম হল-জামা’আতুল মুজাহিদীন-এর কর্মীদের প্রতি আহবান। এতে তরুণদের প্রতি সশস্ত্র সংগ্রামের আহবান জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিতরণকৃত এ লিফলেটটি এলাকায় সাধারণ মানুষের মধ্যে ভীতি ও চাঞ্চল্য সৃষ্টি করেছে।

১৭ আগস্ট দেশজুড়ে বোমা হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই ২০ আগস্ট থেকে সোমবার পর্যন্ত নাইক্ষ্যংছড়ি উপজেলার কয়েকটি প্রতিষ্ঠান প্রধানের নামে প্রেরকের উল্লেখ ছাড়া চিঠি আসে। এ চিঠিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলার বাইশারী, দোছরি ও ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং এলাকার বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তি।

চিঠির সঙ্গে থাকা ছাপানো লিফলেটটিতে যুবকদের প্রতি ইসলামী দীক্ষা ও জিহাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সশস্ত্র সংগ্রামে এগিয়ে আসার আহবান জানানো হয়েছে। কে বা কারা লিফলেট বিলি করছে, তা কেউ বলতে পারছে না।