২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ আগস্ট বিস্ফোরণ: সন্দেহভাজনদের নামের তালিকা বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পৌঁছেনি

সারাদেশে ১৭ আগস্টের সিরিজ বোমা বিস্ফোরণের সাথে জড়িত সন্দেহভাজনদের ছবি ও নামের তালিকাসহ বিস্তারিত তথ্য আজও বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে পৌঁছেনি। ফলে সীমান্ত দিয়ে তাদের পালিয়ে যাওয়ার অবাধ সুযোগ থেকেই যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2005, 07:51 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

সম্প্রতি দেশ জুড়ে ঘটে যাওয়া সিরিজ বোমা বিস্ফোরণের সাথে জড়িত সন্দেহে দেশের গোয়েন্দা সংস্থাগুলো একশ’ ১৭ জন সন্দেহভাজনের একটি নামের তালিকা তৈরি করেছে। এদের মধ্যে শুধুমাত্র শীর্ষ ১৭ জনের নাম পরিচয় প্রকাশ করা হয়েছে। বাকিদের ওপর চলছে কঠোর নজরদারি। তবে এদের নাম পরিচয় বা ছবি কোনও কিছুই চেকপোস্ট, ইমিগ্রেশন, বিডিআর ও গোয়েন্দা সংস্থাগুলোর কাছে পৌঁছেনি। ফলে এক্ষেত্রে ভারতগামী পাসপোর্ট যাত্রীদের যত কড়াকড়িভাবে তল্লাশি করা হোক না কেন, সন্দেহভাজন সন্ত্রাসীদের পালিয়ে যাওয়ার যথেষ্ট সুযোগ থেকেই যাচ্ছে। দেশের শীর্ষ সন্ত্রাসীরা বেনাপোল সীমান্ত দিয়ে পালিয়ে ভারত যেতেই বেশী নিরাপদ মনে করে। বিভিন্ন সময় বড় বড় সন্ত্রাসীরা নিরাপদে এ পথেই ভারতে পালিয়ে যায় । কারণ বৈধ এবং অবৈধ পথে এ সীমান্ত দিয়ে তাদের ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ রয়েছে সবচে বেশী।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট সূত্র আরও জানায়, সেখানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের ছবি ও তথ্য সংরক্ষেণর অত্যাধুনিক কোনও ব্যবস্থা নেই। তবে বাংলা ভাই ও শায়খ আব্দুর রহমান, আতাউর রহমান, মুফতি হান্নান, মন্জুর আহমেদ, আহেমেদ মাহবুব ফেরদৌস, হাফেজ শহীদুল্লাহ, কাজী ওবায়েদউল্লাহ, আবু ওমর এর মত জঙ্গীরা ছদ্মবেশে যাতে কোনভাবে ভারতে পালাতে না পারে সেদিকে পুলিশ ও ইমিগ্রেশন কর্মকর্তারা সতর্ক রয়েছে। তবে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ বন্ধ করতে বোমা বিস্ফোরণে সন্দেহভাজনদের বিস্তারিত তথ্য বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন, সীমান্তে দায়িত্বরত বিডিআর ও গোয়েন্দা সংস্থাগুলোর কাছে পাঠানো জরুরী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে বিদেশী সন্দেহভাজন পাকিস্থান, কুয়েত ও সুদানের ৯ জন নাগরিক যাতে দেশত্যাগ করতে না পারে সে ব্যাপারেও পুলিশ ও ইমিগ্রেশনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।