তিতাসে গণবদলীর ঘটনায় উত্তেজনা, পুলিশ মোতায়েন
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীর ১৫২ জন কর্মীর গণবদলীকে কেন্দ্র করে তিতাসের প্রধান কার্যালয়ে উত্তেজনা বিরাজ করছে।
অপ্রীতিকর ঘটনা এড়াতে সোমবার তিতাস ভবনে মোতায়েন করা হয়েছে পুলিশ।
খোঁজ নিয়ে জানা যায়, গণবদলীর শিকারকর্মিদের গেট মিটিংয়ের প্রস্তুতির কারণে সেখানে কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
দুর্নীতি ও অনিয়ম ও গ্রাহক হয়রানি রোধে জ্বালানী মন্ত্রণালয় গত শনিবার একসঙ্গে তিতাস গ্যাসের ১৫২ জন কর্মকর্তা-কর্মচারিকে বদলী করে। এ নিয়ে সেখানে সৃষ্টি হয় ক্ষোভ। এরই প্রতিবাদে সেখানে প্রস্তুতি নেওয়া হয় গেট মিটিং-এর।
এ ব্যাপারে তিতাস গ্যাস কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আব্দুল্লাহ’র সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তবে তার ব্যক্তিগত সচিব মফিজউদ্দিন ওই ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
