ডিসেম্বরের মধ্যেই খুলে যাচ্ছে ঢাকা বাইপাস মহাসড়ক
ঢাকা মহানগরীর যানজট নিরসনে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কাঞ্চন সেতুসহ ঢাকা বাইপাস মহাসড়ক খুলে দেওয়া হচ্ছে।
রোববার যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে একথা জানানো হয়েছে। যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা এতে সভাপতিত্ব করেন।
দেশব্যাপী সড়ক যোগাযোগ ও সেতু অবকাঠামো নির্মাণ এবং পরিবহন খাতের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে এ বৈঠক আলোচনা করা হয়।
বৈঠকে জানানো হয়, প্রায় সাত হাজার ৫শ’ কোটি টাকা ব্যয়ে মাওয়া ও জাঞ্জিরা পয়েন্টে ছয় দশমিক শুন্য এক কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে ভূমি অধিগ্রহণের কাজ এ বছরেই শেষ হবে।
এতে প্রকল্পের কাজকে দ্রুত ও সহজ করতে প্রকল্প এলাকায় স্থাপনা, ঘর বাড়ি, দোকান পাট, কল কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন নিষিদ্ধ ঘোষণার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে আরও জানানো হয়, ঢাকা মহানগরীকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এর তিনটি প্রধান প্রবেশ পথের মহাসড়কগুলো আট লেনবিশিষ্ট করা হবে।
