দেশের প্রথম বাটারফ্লাই পার্ক ও সী লাইফ অ্যাকুয়ারিয়াম স্থাপিত হচ্ছে চট্টগ্রামে
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নব নির্মিত পতেঙ্গা এলাকার পাশে একটি বাটারফ্লাই পার্ক ও একটি সী লাইফ অ্যাকুয়ারিয়াম স্থাপনের প্রকল্প হাতে নিয়েছে। এটিই হবে দেশের প্রথম এ ধরনের কোনও উদ্যান ও অ্যাকুয়ারিয়াম।
একটি উন্মুক্ত বিনোদন কেন্দ্র স্থাপনই এ প্রকল্পের লক্ষ্য। প্রকৃতিপ্রেমীদের বিনোদনের খোরাক জোগাবে এ উদ্যান ও অ্যাকুয়ারিয়াম।
প্রকৃতি ও জীববৈচিত্র্যের মধ্যে সম্মিলন ঘটাতে বাটারফ্লাই পার্ক ও সী লাইফ অ্যাকুয়ারিয়াম স্থাপনে সিডিএ কর্তৃপক্ষ ইতোমধ্যেই গত ২৩ আগস্ট প্রতিষ্ঠিত কোম্পানি এবং ব্যক্তিদের কাছে টেন্ডার আহ্বান করে। প্রকল্পের সাথে জড়িত সিডিএ’র এক প্রকৌশলী একথা জানান।
সূত্র জানায়, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের আদলে এ পার্ক তৈরিতে ব্যয় হবে এক কোটি টাকা এবং অ্যাকুয়ারিয়াম তৈরিতে ব্যয় হবে পাঁচ কোটি টাকা। অন্যান্য অবকাঠামো নির্মাণ ছাড়াই এ ব্যয় ধরা হয়েছে।
নগর পরিকল্পনাবিদ, স্থপতি এবং প্রকৃতিপ্রেমীরা আশা করছেন, দেশ বিদেশের পর্যটক বিশেষ করে বন্দর নগরীর কর্মচঞ্চল মানুষের জন্য নতুন বিনোদন মাধ্যম হিসেবে আবির্ভূত হবে ব্যতিক্রমী এই পার্ক ও অ্যাকুয়ারিয়াম।
জমির মালিকানা সিডিএ-এর কাছে থাকবে এবং পার্ক করার ব্যাপারে অন্যান্য সহায়তা প্রদান করবে সিডিএ। কিন্তু বাটারফ্লাই পার্ক পরিচালনা, সংরক্ষণ এবং সার্বিক উন্নয়নের ভার ডেভেলপারের কাছে হস্তান্তর করা হবে।
পার্ক এবং অ্যাকুয়ারিয়াম বেসরকারি কোম্পানিকে ইজারা দেয়া হলে সিডিএ প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব আয় করবে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ প্রকল্পের স্থান এখনো চূড়ান্ত করেনি। কারণ প্রকল্পের জন্য অনুকুল স্থান পাওয়া যাচ্ছে না-যেখানে চিত্তবিনোদন, হাটাহাটির স্থান, গাড়ি পার্কিং, প্রশান্তি, স্যুভেনির কর্নার এবং ল্যান্ডস্কেপের সংস্থান থাকবে।
সূত্র জানায়, প্রাথমিকভাবে সিডিএ চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কোথাও বাটারফ্লাই পার্ক করার চিন্তা ভাবনা করছে।
