খুলনা উন্নয়ন কমিটির মাসব্যাপী গণ স্বাক্ষর অভিযান ১ সেপ্টেম্বর থেকে
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে এক সেপ্টেম্বর থেকে মাসব্যাপী গণ স্বাক্ষর অভিযানের ঘোষণা দিয়েছে।
রোববার সকালে খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সম্মেলনে আরো বলা হয়, সেপ্টেম্বরের এক তারিখে নগরীর শহীদ হাদিস পার্কে কর্মসূচির উদ্বোধন করা হবে।
এ আয়োজনে লিখিত বক্তব্য পাঠ করেন সমন্বয় কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট কাজী আব্দুস সালাম।
লিখিত বক্তব্যে পাইপ লাইনে গ্যাস সরবরাহ, মংলা বন্দরে ড্রেজিংসহ এর আধুনিকায়ন, আকরাম পয়েন্টে গভীর সমুদ্র বন্দর স্থাপন এবং স্টেডিয়াম সংস্কার সহ ১৪ দফা দাবি জানানো হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির মহাসচিব শেখ আশরাফ উজ জামান, হায়দার গাজী সালাউদ্দিন ঝনু, অ্যাডভোকেট ফিরোজ আহমেদ, রুমা খাতুন, শামীম জামান প্রমূখ।
