রাজধানীর মহাখালিতে প্রকাশ্যে হোটেল ম্যানেজার খুন
রাজধানীর মহাখালিতে রোববার সকালে সন্ত্রাসীদের গুলিতে আবাসিক হোটেলের ম্যানেজার খুন হয়েছে। একই ঘটনায় আরেকজন হোটেল কর্মচারি ও একজন বোর্ডারসহ গুলিতে আহত হয় দুজন।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সকাল সাড়ে ৮টার দিকে একদল সন্ত্রাসী মহাখালি ফ্লাইওভার সংলগ্ন সূর্যমুখি আবাসিক হোটেলে ঢুকে হোটলের বোর্ডার জনৈক নাসির আহমেদকে (৩০) লক্ষ্য করে পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। সন্ত্রাসীদের বাধা দিতে গেলে হোটেল ম্যানেজার সুমন (২৫) ও কর্মচারি রাজু আহমেদ (২৮) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।
এ সময় অন্য বোর্ডাররা ধাওয়া দিলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ওই তিনজনকে হাসপাতালে নেওয়ার পথে হোটেল ম্যানেজার সুমনের মৃত্যু হয়। তার মাথায় গুলি লাগে।
জানা যায়, ওই হোটেলের বোর্ডার আহত নাসিরই ছিলো সন্ত্রাসীদের মূল লক্ষ্য। সে পেশায় একজন আদম ব্যবসায়ী। বিদেশে লোক পাঠানোর নামে এরআগে সে বেশ কয়েকজনকে প্রতারণা করে টাকা আত্মসাৎ করে।
পুলিশের ধারণা, টাকার ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে সন্ত্রাসীরা নাসিরকে হত্যা করার জন্য ওই হোটেলে হানা দেয়। নাসিরের বাড়ি টাঙ্গাইলের সখিপুরের গড়গোবিন্দ গ্রামে।
