চাঁপাইনবাবগঞ্জে আটক জঙ্গি আফগানিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ মামলায় গ্রেফতার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চাঁদপুর গ্রামের আব্দুল জলিল জামা’আতুল মুজাহিদীন সদস্য এবং আফগানিস্থানে প্রশিক্ষনপ্রাপ্ত বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে।
আব্দুল জলিলের মাদ্রাসার ছাত্রত্ব শেষ হয় ৯৫ সালে। ছাত্রাবস্থায় সে শিবিরের কর্মী ছিল। ২০০১ সালে সে শিবিরের রাজনীতি ত্যাগ করে। তার গ্রামে হাজারবিঘী কওমি মাদ্রাসায় জামা’আতুল মুজাহিদীনের তৎপরতা ছিল। ২০০৩ সালে শহরের হুজরাপুর থেকে প্রচুর পরিমান বিস্ফোরক এবং মুজাহিদীনের কাগজপত্রসহ আটক পাঁচ জনের একজন শরীফুল ইসলামে সাথে ওই মাদ্রাসায় অধ্যয়নকালে সে জামায়াতুল মুজাহিদীনের সাথে যুক্ত হয়। এছাড়া মুজাহিদীনের ঘাঁটি এলাকা হিসেবে পরিচিত শাহবাজপুরের যেসব গ্রামের নাম গোয়েন্দা তালিকায় রয়েছে আব্দুল জলিলের গ্রামটিও তারই অন্তর্ভূক্ত ।
এছাড়া বোমা বিস্ফোরণ মামলায় গ্রেফতার শাহবাজপুরের কাগমারী গ্রামের কফিল উদ্দিনও স্বীকারোক্তিতে গোয়েন্দা পুলিশের কাছে বেশ কিছু নাম বলেছে। কিন্তু তার দেয়া তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ও ভোলাহাট উপজেলা থেকে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, মামলার তদন্তে এর বেশি অগ্রগতি হয়নি।
শুক্রবার গ্রেফতার হওয়া সাত জঙ্গির পুলিশি রিমান্ড শেষ হয়েছে। শনিবার তাদের আদালতে সোপর্দ করা হবে এবং বাকি আট জঙ্গিকে কারাগার থেকে রিমান্ডে নেয়া হবে।
