সবার জন্য শিক্ষা বাস্তবায়নে বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে
ইউনেস্কো জানিয়েছে, ২০১৫ সালের মধ্যে সবার জন্য শিক্ষা কর্মসূচির লক্ষ্য অর্জনে অন্যান্য ৩৪টি দেশের সাথে বাংলাদেশও অনেক পিছিয়ে রয়েছে।
ইউনেস্কো জানায়, সবার জন্য শিক্ষা বাস্তবায়নে দারিদ্র্য এমন কোনও বাধা নয়, যাকে অতিক্রম করা যায় না।
ইউনেস্কো প্রকাশিত ‘সবার জন্য শিক্ষা: বিশ্বব্যাপী মনিটরিং প্রতিবেদন ২০০৫’-এ একথা বলা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন সত্ত্বেও সবার জন্য শিক্ষার লক্ষ্য বাস্তবায়নে প্রধান বাধা হচ্ছে, শিক্ষকদের অতি মাত্রায় অনুপস্থিতি এবং কম সময় ধরে পাঠদান। প্রতিবেদনে বলা হয়, ২০০১ সালের প্রাথমিক শিক্ষায় শিশুদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়ে ৮৬ দশমিক ৬ ভাগে দাঁড়িয়েছে, যা ১৯৯০ সালে ছিল ৭১ দশমিক ২ ভাগ।
জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার বাংলাদেশে ইউনেস্কো ক্লাব গুলোর জাতীয় সমিতি আয়োজিত ইউনেস্কো প্রকাশিত সবার জন্য শিক্ষা: বিশ্বব্যাপী মনিটরিং প্রতিবেদন ২০০৫ এর বাংলা কপি বিতরণকালে এতথ্য দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এম আসদুজ্জামান প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গিয়াস কামাল চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন বাসস’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক গাজীউল হাসান খান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. আমিনুল ইসলাম এবং বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ফারুক আলমগীর আলোচনায় অংশ নেন।
