২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধনাঢ্য ব্যবসায়ী ও বিএনপি নেতা জামাল উদ্দিন অপহরণ মামলারটির শেষ কোথায়?

ফটিকছড়ির দুর্গম পাহাড়ি এলাকা থেকে বুধবার গভীর রাতে উদ্ধারকৃত কংকালটি জামাল উদ্দিনের কিনা, তা নিশ্চিত হতে পারেনি তার পরিবার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2005, 06:45 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম র‌্যাব কার্যালয়ে কংকাল দেখার পর জামাল উদ্দিনের স্ত্রী নাজমা আক্তার এটিকে তার স্বামীর বলে গ্রহণ করেননি। তিনি কংকালটি গ্রহণে অস্বীকৃতি জানিয়ে ডিএনএ পরীক্ষার দাবি জানিয়েছেন।

কংকাল দেখার পর নাজমা আক্তার সাংবাদিকদের বলেন, নিশ্চিত হতে পারছিনা, এটি আমার স্বামীর কংকাল কিনা। আমি ডিএনএ পরীক্ষার দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে। আমরা নিজেরাও বিদেশে নিয়ে কংকালটির ডিএনএ পরীক্ষা করাবো। দুটি পরীক্ষার রিপোর্টে প্রমাণিত হলে এটি আমার স্বামীর কংকাল বলে মেনে নেবো।

শোকে মুহ্যমান নাজমা আক্তার দুপুর ১টায় বড় ছেলে ফরমান রেজা লিটনকে নিয়ে র‌্যাব কার্যালয়ে আসেন। প্রথমে তিনি র‌্যাবের জোনাল কমান্ডার লে. কর্নেল কাজী এমদাদুল হকের সাথে তার কক্ষে ৪৫ মিনিট কথা বলেন। এরপর সেখানে কাশেম চেয়ারম্যানের অন্যতম সহযোগী কালা মাহাবুবের সাথে কথা বলেন একান্তে। সবশেষে নাজমা আক্তার শহীদ চেয়ারম্যান ও কালা মাহাবুবের মুখোমুখি হন।

অবশেষে বিকেল পৌনে তিনটায় তিনি কংকালটি দেখতে যান। ১০ মিনিট ধরে গভীরভাবে পর্যবেক্ষণের পর জামাল উদ্দিনের স্ত্রী তার স্বামীর শারীরিক গঠনের সঙ্গে, বিশেষ করে দাঁত ও কপালের কোনও মিল খুঁজে পাননি।

পরে তিনি ওই কংকাল থেকে কিছু চুল সংগ্রহ করে বাসায় নিয়ে যান আরও ভালোভাবে দেখার জন্যে।

ধারণা করা হয়েছিল, কংকালটি পাওয়ার পরে বহুল আলোচিত জামাল উদ্দিন অপহরণ মামলাটি সুরাহার পর্যায়ে যাচ্ছে। কিন্তু জামাল উদ্দিনের পরিবার উদ্ধারকৃত কংকালটি গ্রহণ করতে অস্বীকৃতি জানালে মামলাটি নিয়ে আবার জটিলতা দেখা দেয়।