২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজার লুটের অভিযোগে ভোলায় তিন বিএনপি নেতা বহিস্কার

ভোলার দৌলতখান উপজেলার কাজীরহাট বাজারে বুধবার সকালে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা লুটপাট ও ভাংচুর করেছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2005, 09:18 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

বিএনপির ইউপি কমিটির সম্পাদক ফারুক মেম্বারের নেতৃত্বে সন্ত্রাসীরা এসময় ১০ টি দোকান ভাংচুর ও লুটপাট করে।

ব্যবসায়ীদের পক্ষ নিয়ে হামলায় বাধা দিলে সন্ত্রাসীরা বিএনপি নেতা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজিমউদ্দিনের মাথা ফাটিয়ে দেয় এবং তার মোটর সাইকেল ভাংচুর করে। এছাড়াও সন্ত্রাসীদের হামলায় তিনজন গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হয়।

এ ঘটনার পর বিএনপির দৌলতখান উপজেলার নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক প্রতিবাদ সভার মাধ্যমে ফারুক মেম্বারসহ তিনজনকে বহিস্কারের ঘোষণা করে।

কাজীরহাট বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে বাজারের ব্যবসায়িরা দায়ী ব্যক্তিদের গ্রেফতার করে বিচার না হওয়া পর্যন্ত ধর্মঘট পালন করার সিদ্ধান্ত নিয়েছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সন্ত্রাসীদের নাম পাওয়া না যাওয়ায় অভিযান শুরু হয়নি। চরপাতা ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা নজিমউদ্দিন জানিয়েছেন, সন্ত্রাসীদের সুনির্দিষ্ট তালিকাসহ মামলা দায়েরের প্রস্তুতি চলছে।