১৭ আগস্টের বোমা হামলায় জড়িত সন্দেহে বাগেরহাটে মাদ্রাসা শিক্ষক আটক
১৭ আগস্টের বোমা হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাগেরহাট পুলিশের একটি বিশেষ দল বুধবার মো. বরকতুল্লাহ আল মোরশেদ (৩২) নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে।
সদর উপজেলার কালদিয়া গ্রামের আল্ মারকাজুল ইসলামী আস্ সালাফী মাদ্রাসা ও এতিমখানা থেকে তাকে আটক করা হয়। কুয়েতের অর্থায়নে পরিচালিত তৌহিদী কল্যাণ ট্রাস্ট’র (ঢাকা) এই মাদ্রাসাটি আহলে হাদিস আন্দোলনের বাগেরহাট জেলার সাংগঠনিক কার্যালয় হিসাবে ব্যবহৃত হয়।
সূত্র জানায়, ধৃত আল মোর্শেদ ঐ মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি বাগেরহাট সরকারি পি.সি. কলেজে ইংরেজী বিভাগের ছাত্র। সে ঠাকুরগাঁও জেলার রাণীসংকৈল উপজেলার ধুনিয়া গ্রামের ওয়াছের আলীর পুত্র।
এ ব্যাপারে সরাসরি কিছু না বললেও বাগেরহাটের পুলিশ সুপার মো. মোস্তফা কামাল জানান, ‘জিজ্ঞাসাবাদের জন্য অনেককেই আটক করা হচ্ছে।’
সূত্র জানায়, বাগেরহাট পুলিশ ঐ বোমা হামলার ঘটনায় সন্দেহভাজন ১০ জনের একটি তালিকা করেছে। তালিকা অনুযায়ী সন্দেহভাজনদের ধরতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। তবে ধৃত আল মোর্শেদ ঐ তালিকাভুক্ত কি না তা পুলিশ জানাতে অস্বীকার করেছে।
