এসিড আক্রান্তদের জন্যে তহবিল গঠনে আলোকচিত্র প্রদর্শনী শুরু
এসিড আক্রান্তদের জন্য তহবিল গঠনের উদ্দেশ্যে এসিড সারভাইভার্স ফাউন্ডেশন (এএসএফ) এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।
হোটেল শেরাটনের মার্বেল লবিতে বুধবার শুরু হওয়া এ প্রদর্শনীতে দেশের ৭০ জন আলোকচিত্র শিল্পীর ছবি স্থান পেয়েছে।
জেসিআই-বাংলাদেশ’র সহযোগিতায় আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকাস্থ নেদারল্যান্ডের রাষ্ট্রদূত কিস বিমস্টর বোয়ের।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এএসএফ’র নির্বাহী পরিচালক মনিরা রহমান। তিনি বলেন, এই প্রদর্শনী এসিড সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে। এই প্রদর্শনীর বিক্রয়লব্ধ অর্থ এসিড হামলার শিকারদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্যে ব্যয় করা হবে।
এএসএফ এর চেয়ারপার্সন অ্যাডভোকেট সিগমা হুদা বলেন, এএসএফ এসিড আক্রান্তদের সহযোগিতা করে এবং এই আলোকচিত্র প্রদর্শনী এ ধরণেরই একটি মানবিক উদ্যোগ।
জেসিআই-বাংলাদেশ’র প্রেসিডেন্ট সাফিনা রহমান বলেন, সমাজের ইতিবাচক পরিবর্তন ও সার্বিক উন্নয়নকে সম্প্রসারিত করার লক্ষ্যে এবং সামাজিক দায়িত্ব পালনের জন্যে জেসিআই-এএসএফের সাথে এই কর্মসূচীর আয়োজন করে।
এই আলোকচিত্র প্রদর্শনীর প্রথম পর্ব শেরাটন হোটেলে ২৫ আগস্ট থেকে ২৭ আগস্ট চলবে। প্রদর্শনীর দ্বিতীয় পর্ব প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চলবে ২ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। ৮ ও ৯ সেপ্টেম্বর প্রদর্শনীর তৃতীয় ও সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে।
