বোমা বিস্ফোরণের পর থেকে সীমান্ত এলাকায় কারফিউ ও কড়া নিরাপত্তা ব্যবস্থা
সারাদেশে ধারাবাহিক বোমা হামলার পর থেকে কুষ্টিয়ায় দুদেশের সীমান্ত এলাকায় অনির্দিষ্টকালের জন্যে কারফিউ জারি করেছে ভারত।
প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ বহাল থাকবে এবং এসময় কাউকে জিরো পয়েন্ট এলাকায় দেখা মাত্র গুলি করতে বিএসএফকে নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
গত ১৭ আগস্ট বোমা হামলার পর পরই ভারত অনুপ্রবেশ ঠেকাতে মাইকিং করে কারফিউ বিষয়ে মানুষকে সচেতন করে দেয়। বাংলাদেশী অনুপ্রবেশকারীদের আশ্রয়দান ও সহযোগিতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে বিএসএফ হুঁশিয়ার করে দিয়েছে। বাংলাদেশী জঙ্গিদের প্রবেশ ও হামলার আশংকায় সীমান্ত এলাকায় সার্বক্ষণিক টহলের জন্যে বিএসএফ’র পাশাপাশি আধা সামরিক বাহিনীর সদস্যদের নিয়োগ করা হয়েছে। ভারি অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে টহলসহ অন্যান্য কার্যক্রম বাড়িয়ে দিয়েছে বিএসএফ।
এদিকে বাংলাদেশের পক্ষ থেকে বিডিআর, পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজনদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
