হাসিস পাচারের অভিযোগে আটক নেপালি দুই মহিলাসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড
নয় কেজি হাসিস পাচারের অভিযোগে ২০০১ সালে আটক তিন নেপালি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো: নজরুল ইসলাম বুধবার এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে সুনিতা পুন সাগর, বিন্দু মায়া গুরুং ও লাল বাহাদুর তমাং।
২০০১ সালের ৬ মে টিজি-৩২২ বিমানযোগে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে দুই নেপালি মহিলা সুনিতা পুন ও বিন্দু মায়া সরাসরি দৈনিক বাংলার মোড়ে মধুমতি হোটেলে গিয়ে ওঠে। পরে পুলিশ তাদের কাছ থেকে ২০ প্যাকেট হাসিস উদ্ধার করে।
২০০১ সালের ৭ মে অপর অভিযুক্ত লাল বাহাদুর লালমনিরহাটে পাটগ্রাম দিয়ে সীমান্ত পার হয়ে বাংলাদেশে আসার পর পুলিশ তাকে গ্রেফতার করে।
মামলার রায়ের পর নেপালি নাগরিক সুনিতা পুন সাগর, বিন্দু মায়া গুরুং ও লাল বাহাদুর তমাং সাংবাদিকদের বলেন, আমৃত্যু তারা বাংলাদেশের কারাগারে থাকতে চান। এসময় তারা যাবজ্জীবন সাজার মেয়াদ কয়বছর তা জানতে চান।
উল্লেখ্য, বিন্দু মায়া গুরুং হাজতে থাকার সময় একটি কন্যা সন্তানের জন্ম দেন।
