২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ অঞ্চলের দুর্ধর্ষ ডাকাত এনামুল মংলায় দুই সহযোগীসহ গ্রেফতার, ৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

দক্ষিণ অঞ্চলের আন্তঃ জেলা ডাকাত দলের সর্দার, দুর্ধর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত এনামুল হক (৩০) বাগেরহাটের মংলায় দুই সহযোগীসহ গ্রেফতার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2005, 06:06 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

বাগেরহাট ও পিরোজপুর জেলা পুলিশ মঙ্গলবার রাতে গোপণ সংবাদের ভিত্তিতে মালগাজী গ্রাম থেকে তাদের গ্রেফতার করে।

পরে ধৃতদের স্বীকারোক্তি মতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ বুধবার ১৩ রাউণ্ড গুলিসহ পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। বুধবার বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিলো।

বাগেরহাট ও পিরোজপুর পুলিশ জানায়, এনামুল পিরোজপুরের নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের ছাত্তার মিঞার পুত্র। সে উভয় জেলার তালিকাভুক্ত সন্ত্রাসী এবং একটি ডাকাত দলের প্রধান। তার নামে বাগেরহাট, পিরোজপুর ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, জমি দখলের অন্তত ১২টি মামলা রয়েছে। পুলিশের হাতে আটক এনামুলের অপর দুই সহযোগী হচ্ছে শহিদুল ও আলমগীর হোসেন।

পিরোজপুরের পুলিশ সুপার ছিবগাত উল্লাহ জানান, ধৃত এনামুল আন্তঃজেলা ডাকাত দলের সর্দার এবং বহু মামলার আসামী। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, দুটি বিদেশী দোনালা বন্দুক, তিনটি পাইপগান, চারটি রাম দা, দুটি চাপাতি ও ১৩ রাউণ্ড বন্দুকের কার্তুজ। তার কাছ থেকে আরো অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।