২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাই ঘটনায় পুলিশ সার্জেন্টের ৫ বছরের সশ্রম কারাদন্ড

দিলখুশার রাজদূত মানি এক্সচেঞ্জের মালিকের কাছ থেকে পাঁচ লাখ ৫৩ হাজার টাকা এবং ৫০ হাজার সৌদি রিয়াল ছিনতাইয়ের ঘটনায় পুলিশ সার্জেন্ট জুলফিকারের বিরুদ্ধে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের রায় ঘোষিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2005, 03:58 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

বুধবার ঢাকার দ্রুত বিচার আদালতের ম্যাজিস্ট্রেট মীর আলী রেজা আসামীর সামনে এ রায় পড়ে শোনান। রায় শুনে আসামী ছিল নির্বিকার।

গত ২৮ জুন বিকেল ৫টায় ৬৮ নং দিলখুশার রাজদূত মানি এক্সচেঞ্জের মালিক আজাহার আলী তার দুই ভাতিজাসহ টাকা ও রিয়াল নিয়ে কর্মস্থল থেকে মনেশ্বর রোড, জিগাতলার বাসায় যাচ্ছিলেন। সাড়ে ৫টায় জি.পি.ও’র উল্টোদিকে ইম্পেরিয়াল হোটেলের কাছে পৌঁছালে সার্জেন্ট জুলফিকার তাদেরকে তল্লাশির অজুহাতে বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ অফিসের পূর্ব পাশে নিয়ে যায়। পরে আজাহারের গাড়িতে উঠে পল্টন থানায় যাওয়ার কথা বলে গাড়ি চালাতে নির্দেশ দেয়। বিজয়নগর পানির ট্যাংকের উল্টোদিকে ল’ কলেজের কাছে গেলে গাড়ি থামানোর নির্দেশ দেয়। ভয় দেখিয়ে টাকা ও রিয়াল জোর করে ছিনিয়ে নেয়। অভিযুক্ত জুলফিকার চলে যাওয়ার সময় তার ব্যবহৃত মোটরসাইকেলের চাবি, কাগজপত্র এবং নিজের ডিউটি কার্ড ও চশমা গাড়ির সীটে রেখে যায়। পরে বাদি আজাহার তার বন্ধুর মাধ্যমে এ ঘটনা ডিসি ডিবিকে জানালে ওই জিনিসগুলো জব্দ করা হয়।

পল্টন থানায় আজাহার আলী সার্জেন্ট জুলফিকারকে আসামী করে দ্রুত বিচার আইনের ৪ ধারায় মামলা করেন। তিন দফায় মোট ছয় দিন রিমান্ড শেষে ৯ জুলাই আদালতে চার্জশীট দাখিল করা হয়। মামলায় ৩২ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্য নেয়া হয়।