সাজা থেকে অব্যহতি প্রদান মানবাধিকার কর্মী হত্যার প্রবনতা বাড়িয়েছে, মওদুদের অস্বীকার
মানবাধিকার রক্ষায় কাজ করছেন এমন ব্যক্তিদের হত্যার ঘটনা প্রতিহত করতে সরকারসমূহের ব্যর্থতা এবং দোষীদের সাজা থেকে অব্যহতি প্রদানের চর্চা বাংলাদেশে মানবাধিকার কর্মী হত্যার প্রবনতা বাড়িয়ে দিয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কর্তৃক মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়।
‘বাংলাদশ: হিউম্যান রাইটস ডিফেন্ডার আন্ডার অ্যাটাক’ শীর্ষক এ প্রতিবেদনে, দেশে যারা মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কথা বলেন তাদের বিরুদ্ধে বিনা উষ্কানিতে গ্রেফতার, নির্যাতন এবং অপ্রমানিত অপরাধের অভিযোগ আনার বিষয়ে আলোকপাত করা হয়েছে।
এতে বলা হয়েছে, এ ব্যক্তিরা নিয়মিত হত্যার হুমকি, হামলা ও কখনো কখোনো হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। অপরাধীরা ব্যক্তিগতভাবে কিংবা দলগতভাবে কোনও সশস্ত্র অপরাধী চক্র, রাজনৈতিক দল বা স্থানীয় রাজনৈতিক নেতার সাথে সম্পৃক্ত।
তবে এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ। বিবিসি ওয়ার্ল্ড সাভিসকে দেয়া এক সাক্ষাৎকারে ব্যারিস্টার মওদুদ বলেন, অপরাধীদের সাজা থেকে অব্যহতি দেয়ার একটি ধারা সরকার তৈরি করেছে এমন অভিযোগ মোটেই সত্য নয়।
তিনি বলেন, মানবাধিকার কর্মীরা যেসব অভিযোগ দায়ের করেছেন তা বিচ্ছিন্ন কিছু ঘটনা। এর ওপর ভিত্তি করে কোনও সিদ্ধান্তে পৌঁছা উচিত হবে না।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে আরও বলা হয়, সরকারের অনিহার কারণে অনেক হত্যাকাণ্ডের অপরাধীরা বিনা বিচারে পার পেয়ে যায়।
অ্যামনেস্টি ইন্টারন্যশনালের ডেপুটি প্রোগ্রাম ডাইরেক্টর মাধু মালহোত্রা বলেন, সরকারই কেবল তাদের এজেন্টদের দ্বারা সংগঠিত অপরাধী কার্যক্রম প্রতিহত করতে পারে।
প্রতিবেদনে বলা হয়, মানবাধিকার কর্মী কিংবা সরকারের সমালোচনাকারীরা প্রায়শই গ্রেফতারের শিকার হন, পুলিশ হেফাজতে নির্যাতিত হন। এদের মধ্যে রয়েছেন সাংবাদিক, লেখক, শিক্ষক, এনজিও কর্মকর্তা, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ।
এতে বলা হয়, ২০০০ সালে মানবাধিকারের পক্ষে কথা বলে কমপক্ষে ৮ জনকে অপরাধী চক্রের হাতে প্রাণ দিতে হয়েছে।
এছাড়াও গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। কয়েকজন সাংবাদিকের আঙ্গুল অথবা হাত কেটে দেয়া হয়েছে যাতে তারা এসব অপরাধী কার্যক্রমের বিরুদ্ধে কলম ধরতে না পারেন।
এসব অভিযোগের প্রেক্ষিতে ব্যারিস্টার মওদুদ বিবিসিকে আরো বলেন, সরকার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ একেবারে উড়িয়ে দিচ্ছে না তবে এ ধরনের সকল ঘটনারই সরকার যথাযথ তদন্ত ও বিচারের আওতায় আনাতে সচেষ্ট থাকে।
তিনি বলেন, সকল ঘটনার সুষ্ঠু তদন্ত হয়েছে এবং দেশে বর্তমানে বিচার ব্যবস্থা ও সংবাদপত্রের স্বাধীনতা বিরাজ করছে।
বিবিসি অ্যাঙ্কর এসময় কোন সুনির্দিষ্ট মামলার কথা উল্লেখ করতে বললে ব্যারিস্টার মওদুদ বলেন, বাংলাদেশের আদালতগুলো মামলার রায় দিতে দীর্ঘ সময় ব্যয় করে। এ জন্যে আমরা দ্রুত বিচার ট্রাইবুনাল গঠন করেছি। এবং সাংবাদিক শামসুর রহমান হত্যা মামলাটি দ্রুত ট্রাইবুনালে পাঠানোর ফলে ৫ থেকে ৭ মাসের মধ্যে তার বিচার সম্পন্ন করা সম্ভব হয়েছে।
