২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাড. ফরিদুল আলমের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট

কক্সবাজার জেলা বার অ্যাসোসিয়েশনের নেতা অ্যাড. ফরিদুল আলমের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে মঙ্গলবার একটি রুল জারি করেছে হাইকোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2005, 10:04 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

হাইকোর্টের দেওয়া একটি রায়ের কপি পুড়িয়ে ফেলায় মঙ্গলবার হাইকোর্ট কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করবে না সে ব্যাপারে কারণ দর্শানোর জন্য আদেশ জারি করে।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. নূর হোসেন চৌধুরীর দায়ের করা একটি আবেদনের শুনানি শেষে বিচারপতি এমএ মতিন ও বিচারপতি মামুন রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ আগামী ২৫ অক্টোবর কোর্টে সশরীরে হাজির হয়ে এ ব্যাপারে জবাবদিহিতার জন্য ফরিদুল আলমের প্রতি আদেশ জারি করেন।

গত ২৩ মে হাইকোর্ট বার এসোসিয়েশন ও বাংলাদেশ বার কাউন্সিলসহ আইনজীবীদের অন্যান্য সংগঠনের ওপর সভা, মিছিল ও আদালত বর্জনসহ বিভিন্ন আন্দোলন কর্মসূচির ওপর এক নিষেধাজ্ঞা জারি করেন।

সরকার বিরোধী আইনজীবীরা হাইকোর্টের এ রায়ের প্রতিবাদ জানায়।

গত ২৯ জুলাই সরকার বিরোধী আইনজীবীদের সংগঠন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ আইনজীবীদের বিভিন্ন দাবিতে একটি বিশাল সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অ্যাড. ফরিদুল আলম আইনজীবীদের আন্দোলনের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করায় ক্ষোভ প্রকাশ করেন। বিবরণ অনুয়ায়ী জানা যায়, ওই সমাবেশের মঞ্চে তিনি আদালতের রায়ের একটি কপি পুড়িয়ে ফেলেন।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নেতা এবং বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও ফরিদুল আলমের পক্ষে এ ঘটনার জন্য দুঃখপ্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করেন।