২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ১ সেপ্টেম্বর থেকে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2005, 09:32 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার বাসভবনে মঙ্গলবার এক যৌথ সভায় যথাযোগ্য মর্যাদায় দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়।

মহানগর নাট্য মঞ্চে ১ সেপ্টেম্বর বিকেল চারটায় আলোচনা সভার মাধ্যমে তিনদিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হবে।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ আলোচনা সভায় অংশগ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে। এর আগে সকালে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ করবেন।

পরদিন ২ সেপ্টেম্বর আলোকচিত্র প্রদর্শনী এবং ৩ সেপ্টেম্বর রাজধানীতে দলের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া সাংবাদিকদের সাথে আলাপাকালে বিএনপির ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে দলের নেতা কর্মী এবং দেশবাসীকে শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ভোটের মাধ্যমে বিএনপিকে নির্বাচিত করায় আমরা দেশবাসীকে ধন্যবাদ জানাই এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য নেতৃত্বে আগামীতেও জনগণ বিএনপিকে সরকার গঠনে সহযোগিতা করবে বলে আমাদের বিশ্বাস।

আব্দুল মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মির্জা আব্বাস, সেলিমা রহমান, বরকত উল্লাহ বুলু, আব্দুল্লাহ আল নোমান, গয়েশ্বর চন্দ্র রায়, আমানুল্লাহ আমান এবং আব্দুস সালাম।