এনএসআই'র ‘সোর্সমানি’ বন্ধ, নানা অভিযোগ জানিয়ে লিফলেট বিলি
‘সোর্সমানি’ সহ অভ্যন্তরীণ নানা সুযোগ-সুবিধা বন্ধের অভিযোগ তুলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা’র (এনএসআই) ভেতরে গত এক বছরে অন্তত: চারবার লিফলেট বিলি হয়েছে।
এএসআই’র একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, এ সব সুযোগ-সুবিধা বন্ধ করায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একই কারণে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ অপারেশনাল কর্মকান্ড এখন স্থবির হয়ে পড়েছে।
তবে এনএসআই’র শীর্ষ স্থানীয় মহল লিফলেট বিলি করার ঘটনা স্বীকার করলেও লিফলেটের অভিযোগসমূহ নাকোচ করে দিয়ে বলেছে, কাজ না করেও যেসব কর্মকর্তারা সুযোগ সুবিধা পেতে চান, তারা আরো কিছু কর্মকর্তার যোগসাজসে এ ধরণের অপতৎপরতা চালাচ্ছে। তারা আসলে জাতীয় নিরাপত্তাকে শিথিল করতে চায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, ‘এনএসআই সংরক্ষণ কমিটমেন্ট’ এর পক্ষে সর্বশেষ গত ১৬ আগস্ট এক পৃষ্ঠার একটি লিফলেট বিলি করা হয়। এর শিরোনাম হচ্ছে, ‘গোয়েন্দা কর্মকর্তারা জবাব দেবেন কি ?’ ডাকযোগে ছাড়াও বিভিন্ন উপায়ে এই লিফলেট নানা ক্ষেত্রে তো বটেই এমনকি বিলি করা হয় প্রচার মাধ্যমেও।
গত বছর ২৮ আগস্ট ‘জাতীয় নিরাপত্তা গোয়েন্দার ইমেজ রক্ষা সদস্য বৃন্দ’র পক্ষে ‘কেমন আছে এনএসআই’ শিরোনামে, একই বছর জুনে ‘এনএসআই সংরক্ষণ কমিটি’র পক্ষে ‘এনএসআই বর্তমানে চলছে কেমন, চালাচ্ছে কেমন, জাতি জানতে চায়’ শিরোনামে এবং ‘২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে সংশিষ্ট কিছু তথ্যাবলী’ শিরোনামে আরো তিন বার তিন ধরণের লিফলেট বিলি করা হয়।
জানা যায়, ওইসব লিফলেটে এনএসআই’র প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো, কর্মকর্তাদের নিয়োগ, পদোন্নতিসহ আর্থিক স্বচ্ছতার বিষয়েও তোলা হয়েছে নানা প্রশ্ন।
এনএসআই সূত্র মতে, ‘সোর্সমানি’ খাতে বছরে প্রায় ১০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এই তহবিল থেকে পদ বিবেচনা, কর্মতৎপরতা ও সাফল্য বিচার করে বিভিন্ন কর্মকর্তাদের অর্থ বরাদ্দ করা হতো। তবে কোন কর্মকর্তাকে কি পরিমান সোর্সমানি দেওয়া হবে, তা নির্ভর করে বিভিন্ন জোন বা বিভাগীয় প্রধানের ওপর।
এনএসআই’র বিভিন্ন কর্মকর্তা জানান, উপ-পরিচালকের একজন কর্মকর্তা মাসে প্রায় ২০ হাজার টাকা পান। তবে বিভিন্ন অপারেশনাল অফিসাররা কতো পাবেন, তার কোনো ধরা-বাধা নিয়ম নেই। এ ছাড়া, মাঠ পর্যায়ের একজন কর্মকর্তাকে মাসে ৫০০ থেকে পাঁচ হাজার টাকা করেও দেওয়ার রেওয়াজ ছিলো।
তারা আরো জানান, গত চার-পাঁচ মাস আগে আকসি¥কভাবে সোর্সমানি বন্ধ করা হয় বিনা নোটিশে। এ কারণে অনেকে ক্ষুব্ধ এবং নিস্পৃহ হয়ে পড়েছেন।
তারা জানান, তবে ‘সিটি ইন্টারনাল’ এবং ‘নিরাপত্তা’ বিভাগের পদস্থ কিছু কর্মকর্তা এখনো সোর্সমানি পাচ্ছেন। বিভিন্ন বিভাগীয় শহর এবং অন্যান্য কর্মকর্তারা কোনো টাকা পাচ্ছেন না।
এনএসআই একজন শীর্ষ স্থানীয় কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি একই সঙ্গে লিফলেট বিলি করার ঘটনার সত্যতাও স্বীকার করেন।
তবে তিনি বলেন, আগে কেউ দায়িত্ব পালন করুক বা না করুক, বেতনের মতো সবাইকে গণহারে সোর্সমানি দেওয়া হতো । কিন্তু এখন সরকারি অর্থের যথেচ্ছ ব্যবহার এবং বেহিসেবি খরচ বন্ধ করার লক্ষ্যে কর্তৃপক্ষ ওই সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরো বলেন, বেহিসেবি অর্থ অপচয় বন্ধ করে সেই টাকা দিয়ে এনএসআই’র প্রয়োজনীয় সাজসরঞ্জাম এবং বিভিন্ন কর্মকর্তার যানবাহন ক্রয়সহ নানা খাতে ব্যয় করা হচ্ছে।
ভিন্ন একটি সূত্র জানায়, উর্ধ্বতন কর্তৃপক্ষের ওই সিদ্ধান্তে এনএসআই’র অভ্যন্তরে অনেকদিন ধরেই চলছে গুঞ্জন। এর নেতিবাচক প্রভাব তদন্ত এবং তথ্য সংগ্রহের ওপর পড়েছে।
