২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার জলাবদ্ধতা নিরসনে অঞ্চলভিত্তিক পরিকল্পনা গ্রহণের সুপারিশ

আইডিইবি’র এক সেমিনারে ঢাকা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে ঢাকা শহরকে চার অঞ্চলে বিভক্ত করে অঞ্চলভিত্তিক পরিকল্পনা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2005, 05:15 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

মঙ্গলবার নগরীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে আইডিইবি’র উদ্যোগে ‘রাজধানী ঢাকার জলাবদ্ধতা: সমস্যা ও সমাধানের উপায়’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।

অর্থনীতি সমিতির সভাপতি ড. কাজী খলীকুজ্জামান আহমদের সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া। আলোচনা করেন অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ড. কাজী আলী আজম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক শরীফ রফিকুল ইসলাম প্রমুখ।

এতে ঢাকার জলাবদ্ধতার চিত্র, কারণ ও নিরসনে বিভিন্ন সুপারিশমালা ব্যাখ্যা করেন আইডিইবির গবেষণা সেলের চেয়ারম্যান শফিউদ্দিন সরকার।

সুপারিশগুলোর মধ্যে রয়েছে, নারায়ণগঞ্জ বাইপাস সড়ক লেভেল পর্যন্ত মাটি ভরাট করে বাড়ি নির্মাণ, ডিএনডি এলাকায় যাত্রাবাড়ি চৌরাস্তা থেকে শীতলক্ষ্যা ব্রীজ পর্যন্ত সড়ক, সেচ কাজের জন্য অধিগ্রহণকৃত ৯৭ কিলোমিটার খাল সংরক্ষণের মাধ্যমে দ্রুত পানি নিস্কাষণের ব্যবস্থা এবং বিভিন্ন এলাকার পানি নিকটস্থ নদীর মাধ্যমে অপসারণের ব্যবস্থা গ্রহণ করা।

এতে দখল হয়ে যাওয়া খাল ও নদী উদ্ধার করে সংরক্ষণের ব্যবস্থা করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

স্থানীয় সরকার মন্ত্রী মান্নান ভূঁইয়া বলেন, সরকার ইতিমধ্যে দখলদার উচ্ছেদের মাধ্যমে বেশকিছু খাল উদ্ধার করেছে। আরো কিছু খাল উদ্ধারের জন্য সরকার তৎপর রয়েছে। বর্ষা মৌসুমের পরই এ ব্যাপারে আবারো নেওয়া হবে উদ্যোগ।

তিনি বলেন, অপরিকল্পিত নগরায়ণ ও ময়লা আবর্জনা ফেলার কারণে বিভিন্ন নদীর পানি দূষণ হচ্ছে। বাড়ছে নগরীর জলাবদ্ধতা। পানি দূষণের কারণে এখন সায়েদাবাদ পানি শোধণাগারও অকার্যকর হতে চলেছে। লালবাগ পানি শোধণাগারেরও একই অবস্থা।

তিনি পরিকল্পিত নগরী গড়ে তুলতে আরো জনসচেতনতা বৃদ্ধি এবং সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।