সাতক্ষীরায় বোমা বহনকারী জেএমবির ৩ ক্যাডার গ্রেফতার
সাতক্ষীরা বোমা হামলার অভিযুক্ত প্রধান নায়ক মোত্তাসিম বিল্লাহ নাঈমকে (১৮) পুলিশ আটক করেছে। সোমবার কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখপাড়া থেকে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে।
আটককৃত নাঈম ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে। নাঈম সদর উপজেলার টেংরা-ভবানীপুর গ্রামের মাওলানা মাহফুজুর রহমানের ছেলে। রোববার রাতে সন্দেহভাজন বোমা হামলাকারী হিসেবে গ্রেফতারকৃত উজ্জ্বলের জবানবন্দি অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সাতক্ষীরা পুলিশ শহরের ইটাগাছা এলাকা থেকে মনিরুদ্দিন ড্রাইভারের ছেলে জেএমবি ক্যাডার মনোয়ার হোসেন উজ্জ্বলকে গ্রেফতার করে। পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে উজ্জ্বল সাতক্ষীরার জন্যে বোমা নিয়ে আসা নাঈমের নাম ও অবস্থান বলে দেয়।
নাঈম বোমা হামলা সম্পর্কে চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। অপরদিকে উজ্জ্বল পুলিশকে জানায়, সাতক্ষীরায় বিস্ফোরিত সাতটি বোমার মধ্যে একটি বোমা সে বহন করছিলো। বোমা বিস্ফোরণের সময় নাঈমের দাড়ি গোঁফ থাকলেও বর্তমানে তার দাড়ি গোঁফ নেই।
নাঈম স্বীকার করেছে, পাথরঘাটা গ্রামের ফখরুদ্দিন রাজির হাত ধরে সে জেএমবির সাথে জড়িয়ে পড়ে। এদিকে বোমা হামলার ঘটনায় শহরের খোকন আর্টের মালিক আনিছুর রহমানকে পুলিশ পুনরায় গ্রেফতার করেছে। সে জেএমবির প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাডার বলে পুলিশ জানিয়েছে।
