কুষ্টিয়া ও খুলনায় ক্রসফায়ারে ২ চরমপন্থী নেতা নিহত
কুষ্টিয়া ও খুলনায় ক্রসফায়ারে দুই চরমপন্থী নেতা নিহত হয়েছে।
বিডিনিউজ কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়ায় পুলিশের ক্রসফায়ারে মঙ্গলবার ভোরে চরমপন্থী নেতা আজাদ জোয়ার্দ্দার ওরফে আজাদ (২৮) নিহত হয়।
আজাদ নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর শীর্ষ নেতা আজিবর চেয়ারম্যানের সেকেন্ড-ইন কমান্ড হিসেবে দায়িত্ব পালন করে আসছিল।
পুলিশ জানায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ আজাদকে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করলে জেরার মুখে সে তার বাহিনীর ক্যাডার ও অস্ত্র ভাণ্ডারের সন্ধান দেয়। তার স্বীকারোক্তি অনুযায়ী চরমপন্থী ক্যাডারদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের জন্য অভিযানের এক পর্যায়ে রাত ৪টার দিকে গোপালপুর গ্রামে পৌঁছালে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা চরমপন্থী ক্যাডারদের সাথে পুলিশের বন্দুকযুদ্ধ শুরু হলে ক্রসফায়ারে আজাদ গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় আজাদকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি গান ও বেশ কিছু গুলি উদ্ধার করে।
পুলিশ আরও জানায়, নিহত আজাদের বিরুদ্ধে চারটি হত্যাসহ অন্তত আটটি মামলা রয়েছে।
বিডিনিউজ খুলনা প্রতিনিধি জানান, খুলনায় রূপসা উপজেলার আলাইপুর ব্রিজের কাছে র্যাব ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধে মঙ্গলবার ভোরে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) আঞ্চলিক নেতা আবিদ হাসান মিলন ওরফে আকাশ (২৪) নিহত হয়েছে।
র্যাবের একটি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বয়রা পুরাতন রেস্ট হাউজ এলাকা থেকে সোমবার তাকে গ্রেফতার করা হয়। পরে র্যাবের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জনযুদ্ধের শীর্ষনেতা সোয়েব, সুমন, মোফা ও রাজু সম্পর্কে সে চাঞ্চল্যকর তথ্য দিলে তাকে নিয়ে জনযুদ্ধের আস্তানায় হানা দিলে সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে ক্রসফায়ারে পড়ে আকাশ ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় র্যাবের একজন সদস্যও আহত হয়। ঘটনাস্থল থেকে র্যাব সদস্যরা একটি বিদেশী রিভলবার, ছয় রাউন্ড গুলি, ফেন্সিডিল ও জনযুদ্ধের লিফলেট উদ্ধার করে।
