কেরানীগঞ্জে ব্যবসায়ী এনামুল হত্যা মামলায় ৭ জনের ফাঁসি
কেরানীগঞ্জের ব্যবসায়ী, সামস কেমিক্যালের মালিক এনামুল হক রতন হত্যা মামলায় সাতজনের ফাঁসি, দশজনের যাবজ্জীবন কারাদন্ড এবং ১৮ জনকে খালাস প্রদান করা হয়েছে। সোমবার এ রায় ঘোষণা করেন ঢাকার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামরুল হোসেন মোল্লা।
ফাঁসির আদেশ প্রাপ্তরা হলো (১) সাইফুল (পলাতক), (২) মারফত আলী (পলাতক), (৩) হযরত আলী, (৪) আমানী, (৫) ইউসুফ, চৌকিদার (৬) ফারুক (পলাতক), (৭) হারুন (পলাতক)।
যাবজ্জীবন দন্ড প্রাপ্তরা হলো-(১) মোস্তফা (পলাতক), (২) শহীদ (পলাতক), (৩) শাহীন (পলাতক), (৪) লিটন (পলাতক), (৫) এনায়েত, (৬) কোরবান আলী, (৭) রফিক, (৮) মনুরউদ্দীন, (৯) এলাহী মেম্বার, (১০) নাসির উদ্দীন নাসু।
মৃত্যুদন্ড প্রাপ্তদের প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা এবং যাবজ্জীবন প্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদন্ডের কথাও রায়ে বলা হয়।
জানা যায়, ৯৫ সালের ২৪ জানুয়ারি কেরানীগঞ্জের শুভাড্ডা দীঘির পাড়ে নিজেদের মালিকানাধীন হক ফিসারিজ এন্ড পোলট্রি ফার্মে সন্ধ্যা সাড়ে ৬ টায় বাঁশের মাচার উপর হ্যারিকেন জ্বালিয়ে এনামুল হক রতন তার লোকজন নিয়ে ভাত খাচ্ছিলেন। এ সময় অন্ধকারের মধ্যে চারদিক থেকে ৫০/৬০ জন লোক রামদা, চাপাতি, বল্লম নিয়ে ফার্মের ভেতর ঢুকে রতনকে আক্রমন করে। রতনের সংগী মামা জজ মিয়া, সহিদ, মিজু, খোকন, কেয়ারটেকার তৌফিজ ও তার স্ত্রী দৌড়ে পাশের ঝোপের মধ্যে লুকিয়ে নৃশংস এই ঘটনা দেখে। হামলাকারি আসামী সাইফুলের ধারালো অস্ত্রের আঘাতে রতনের মাথার খুলি ফেটে মগজ বের হয়ে যায়। এনামুল হক রতন ফার্মের ভেতরে পানি শূন্য হাউজে অবস্থান নিলে অন্যান্য আসামীরা সবাই মিলে ধারালো অস্ত্র দিয়ে নিহতকে এলোপাথারি কুপিয়ে হাত, পা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। রতনকে মিটফোর্ড হাসপাতালে নেয়া হলে কর্মরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার ১ মাস আগে এই ফার্মের পাশ্ববর্তী জনৈক মমতাজ মিয়ার পুকুরের কেয়ারটেকার আমানীর সাথে নিহত রতনের কেয়ারটেকার তৌফিজের ঝগড়া হয়। রতন আমানীকে চড় থাপ্পর মারে এবং শাসায়। এ ঘটনাকে কেন্দ্র করে আসামীরা রতনকে বিভিন্ন সময়ে হত্যার হুমকি দিয়ে আসছিল। মামলার ৫ আসামী ম্যাজিস্ট্রেটের কাছে হত্যাকান্ডে নিজেকে জড়িয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তি করে। নিহতের ভাই নাজমুল হক স্বপন কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করার পর সে বছরের ২২ ডিসেম্বর আসামীদের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করা হয়। পরের বছর ১ সেপ্টেম্বরে মামলায় অভিযোগ (চার্জ) গঠন করা হয়। গত বছরের ১৯ জানুয়ারি মামলাটিতে অভিযুক্তদের বিরুদ্ধে আবারও অভিযোগ গঠন করা হয়। বিচারকালে ২২ সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্য নেয়া হয়।
রায় ঘোষণার পর জনাকীর্ণ আদালতে দন্ডপ্রাপ্তদের আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়ে।
মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন ঢাকা জেলার পিপি এড. মোঃ মহসিন মিয়া, এপিপি নূরুল আলম খোকন। বাদির ব্যক্তিগত আইনজীবী ছিলেন হাজী মোঃ নজরুল ইসলাম, মাহবুব আহমেদ। আসামীপক্ষের আইনজীবী ছিলেন শরফুদ্দিন খান মুকুল, সৈয়দ রেজাউর রহমান।
