২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব সদস্যের বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ নাকচ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) এর এক সদস্যের বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ সোমবার র‌্যাব প্রত্যাখ্যান করেছে। জনৈক জ্যোৎস্না আক্তার রিনা র‌্যাব সদর দপ্তরের স্টাফ এএসআই উজ্জ্বল হোসেন এর বিরুদ্ধে এ আভিযোগ আনেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2005, 05:35 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

এক বিবৃতিতে র‌্যাব দাবি করে, জ্যোৎস্নার দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে র‌্যাব-৪ ওই ঘটনার কোন সত্যতা খুঁজে পায় নি।

বিবৃতিতে আরও বলা হয়, উজ্জ্বল ও তার ভাড়াটিয়া সিদ্দিকুর রহমান এর মধ্যে বিবাদের সূত্র ধরে উজ্জ্বলকে হয়রানি করার উদ্দেশ্যে অপহরণ, ধর্ষণ ও জ্যোস্নাকে মৃত্যুর হুমকির ঘটনা সাজানো হয়েছে।

উভয় পক্ষের লোকজনের উপস্থিতিতে বিবাদে জড়িতদের মধ্যে সমঝোতা হয়।

এ ব্যাপারে ১০০ টাকার একটি জুডিশিয়াল স্ট্যাম্প স্বাক্ষরিত হয়েছে, যাতে ওই অভিযোগের কোন উল্লেখ নেই।

২১ আগস্ট বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জ্যোৎস্না আক্তার রিনা র‌্যাবের এএসআই উজ্জ্বলের বিরুদ্ধে ধর্ষণ ও তাকে হত্যার হুমকির অভিযোগ আনেন।

রিনা জানান, পাইক পাড়া এলাকার আনসার ক্যাম্পের ১১৩/৭ নম্বর কক্ষে উজ্জ্বলের বাসায় চলতি বছরের ৩১ মে এ ঘটনা ঘটে। সেখানে সিদ্দিকুর রহমান নামে রিনার এক আত্মীয় ভাড়া থাকাতো এবং প্রায়ই সে ওই বাসায় যেত।