দেশব্যাপী বোমা হামলার প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির মিছিল
১৭ আগস্ট ধারাবাহিক বোমা বিস্ফোরণের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা জনগনের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সরকারকে দায়ি করেন।
সমাবেশে বক্তারা আর বলেন, বোমা হামলার ঘটনার সাথে সরকারের একটা অংশেরও সম্পৃক্ততা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে সমিতির সভাপতি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক বলেছেন, বোমা হামলার প্রতিবাদে মিছিল করতে গেলে সরকার পুলিশ দিয়ে তাতে বাঁধা দিচ্ছে অথচ ড. গালিবের মুক্তির দাবিতে নির্বিঘ্নে মিছিল করতে দিচ্ছে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর আখতারুজ্জামান, ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক একে আজাদ চৌধুরী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হারুন-অর-রশীদ, অধ্যাপক হোসেন মনসুর এবং অধ্যাপক আনোয়ার হোসেন প্রমুখ।
