কুষ্টিয়ার দৌলতপুরের জলসীমা থেকে ১৩ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ
কুষ্টিয়ার দৌলতপুরের জলসীমা থেকে রোববার দুপুরে মাঝিসহ ১৩ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। এদিকে শনিবার রাতে নিহত বাংলাদেশীর লাশ সোমবারেও ফেরত আসেনি।
বিডিআর ও স্থানীয় সূত্র জানায়, দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ইনসাফনগর গ্রামের ১২ জন গরু ব্যবসায়ী একটি ইঞ্জিনচালিত ট্রলারে পদ্মা নদীর ওপর দিয়ে যাওয়ার সময় বিওপির দুই কিলোমিটার উত্তরে জলঙ্গী ক্যাম্পের কয়েকটি টহল স্পিড বোট তাদের ঘিরে ফেলে। এ সময় ট্রলারসহ ছোটন, মান্নান, আরিফ, টিপু, জোকার, আস্তাক, জেকের, বাদল, ইকু, লিটন, বিল্টু, ঝন্টু ও অরু মিয়াকে বিএসএফ ধরে নিয়ে যায়। বিডিআর তালিকাসহ এদের ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি দিলেও কোনও জবাব পাওয়া যায়নি। একসঙ্গে ১৩ বাংলাদেশীকে ধরে নিয়ে যাওয়ায় দৌলতপুর সীমান্তে আতঙ্ক বিরাজ করছে।
এদিকে পতাকা বৈঠকের পর শনিবার রাতে বিএসএফের আচমকা গুলিবর্ষণে ধর্মদহ গ্রামের নিহত গরু ব্যবসায়ী রেজাউলের লাশ এখনও ফেরত আসেনি। তবে ময়নাতদন্তের পর আগামীকাল লাশ ফেরত পাওয়া যাবে বলে বিডিআর জানায়।
