বোমা বিস্ফোরণ নিয়ে আগাম কিছু না বলতে স্থানীয় ও আন্তর্জাতিক নেতাদের প্রতি পররাষ্ট্র মন্ত্রীর আহ্বান
১৭ আগস্টের দেশব্যাপী সিরিজ বোমা বিস্ফোরণের ব্যাপারে আগাম কিছু না বলার জন্য রোববার বিভিন্ন রাজনৈতিক দল ও সিভিল সোসাইটির নেতা এবং সার্ক সদস্যদের প্রতি আবেদন জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী এম মোর্শেদ খান।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে জনাকীর্ণ এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, কোনো ধরনের অনুমান করার মতো পর্যায়ে তদন্তকাজ এখনও পৌঁছেনি, তাই অযথা কাউকে দোষারোপ করার কাজে জড়িয়ে না পড়াই ভালো। সরকারকে তদন্তকাজে সহযোগিতা করার জন্য আমরা সুশীল সমাজ ও সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাচ্ছি।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চীন সফর সম্পর্কে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হলেও আলোচনার কেন্দ্রবিন্দু ছিল গত বুধবারের বোমা হামলার ঘটনা।
বিষ্ফোরণ নিয়ে সম্প্রতি ভারতের রাজনীতিবিদ প্রণব মুখার্জীর করা এক মন্তব্যের প্রেক্ষিতে মন্ত্রী বলেন, উস্কানীমূলক মন্তব্য করা থেকে সবাই বিরত থাকবেন বলে আমরা আশা করি। কিন্তু সবাই পরস্পরকে দোষারোপ করছে। কোনো ধরনের আগাম মন্তব্য না করার জন্য দেশ ও দেশের বাইরের সকলের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, বুধবারের ঘটনা কোনও দেশের জন্যই সুখকর নয় এবং এ ঘটনায় গোটা জাতিই সংক্ষুব্ধ হয়ে আছে।
তিনি আরও বলেন, প্রণববাবু অভিজ্ঞ রাজনীতিবিদ। এ জাতীয় ঘটনার অনেক অভিজ্ঞতা তার আছে।
বোমা বিস্ফোরণের ঘটনায় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ বা অন্য কোনও বিদেশী গোয়েন্দা সংস্থা জড়িত আছে কিনা এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ‘তদন্ত শেষে এ কথা বলা যাবে’ বলে মন্ত্রী মন্তব্য করেন। এ ব্যাপারে তিনি বিরোধী দলীয় নেত্রীর সাম্প্রতিক মন্তব্যে দুঃখ প্রকাশ করে বলেন, দেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার এ জাতীয় কথা বলা উচিত হয়নি।
‘র’কে দায়ী করে বাণিজ্যমন্ত্রী মতিউর রহমান নিজামীর সাম্প্রতিক বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, জামাতের আমীর হিসেবে তিনি এ বক্তব্য দিয়েছেন, সরকারের মুখপাত্র হিসেবে নয়। বিএনপি, বিএনপি-ই আর জামাত জামাত-ই। তারা তাদের বক্তব্যের জন্য দায়ী।
তিনি বলেন, সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। এ ঘটনা যারা ঘটিয়েছে আর যারা এ ঘটনার নেপথ্যে রয়েছে তাদের খুঁজে বের করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
বুধবারের বোমা হামলায় জঙ্গী ও সন্ত্রাসীরা জড়িত কি না সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের মতোই আমরাও আগে থেকে জানতাম না যে বোমা হামলা হবে। আমেরিকাও কখনো ভাবেনি যে তারাও আক্রান্ত হতে পারে। জঙ্গিবাদ সারা বিশ্বব্যাপী বিরাজমান একটি সমস্যা। কোনটা ইসলামী আর কোনটা নয়, তা আমি বুঝি না। আমরা কোনও ধরনের টুপি বা পোশাকের সন্ধান করছি না, আমরা অপরাধীদের সনাক্ত করতে চাইছি।
বোমা বিস্ফোরণের প্রেক্ষিতে স্থানীয় গোয়েন্দা সংস্থার ব্যর্থতা প্রসঙ্গে তিনি বলেন, আর যাই হোক তাদের অন্ততঃ সফল বলা যায় না।
প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রী বোমা বিস্ফোরণের ঘটনায় সমবেদনা প্রকাশ করায় বন্ধুভাবাপন্ন দেশগুলোর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
