খাগড়াছড়িতে গ্রেফতারকৃত মুজাহিদ পলাতক, ১০ পুলিশ সাসপেন্ড
পাবর্ত্য জেলা খাগড়াছড়িতে বোমা হামলায় জড়িত জামা’আতুল মুজাহিদীনের সক্রিয় সদস্য সন্দেহে আটক আনসার বাহিনীর সদস্য মোঃ শহীদুল ইসলাম পুলিশ হেফাজত থেকে পালিয়ে গিয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে সাসপেন্ড করা হয়েছে দীঘিনালা থানার ১০ জন পুলিশ সদস্যকে।
জানা যায়, দিঘীনালার চোংড়াছড়ি এলাকা হতে গ্রেফতারকৃত মোঃ শহীদুল ইসলাম পুলিশ হেফাজত থেকে শনিবার রাত ১০ টার দিকে পালায়। ওইদিন তাকে নিজ বাড়ী থেকে আটক করে তথ্য উদঘাটনের জন্য পুলিশ প্রহরায় থানায় নিয়ে আসার পথে এই ঘটনা ঘটে। তাকে গ্রেফতার করে নিয়ে আসছিলো ১০ জন পুলিশ সদস্য।
এ ঘটনায় দায়িত্বে গাফিলতির কারণে তাৎক্ষণিকভাবে দীঘিনালা থানার এসআই গোলাম ফারুক, এসআই জয়নাল আবেদীন, নায়েক মঞ্জুর আলী, পুলিশ কনষ্টেবল নুরুল ইসলাম, মনিরুজ্জামান, সাইফুল ইসলাম, ইমরান হোসেন, সাইফুল ইসলাম, জাকির হোসেন, শ্রী মানিক চন্দ্র এবং এসআই হান্নানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
পালিয়ে যাওয়া আসামীকে ধরতে সেনা ও পুলিশ পুরো জেলায় ব্যাপক তৎপরতা অব্যহত রেখেছে।
