২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ড. গালিবের শক্ত নেটওয়ার্ক, নেই কোনও পুলিশি নজরদারি

গাজীপুরের কয়েকটি অঞ্চলে ড. গালিবের আহলে হাদিস আন্দোলনের শক্ত নেটওয়ার্কের সন্ধান পাওয়া গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2005, 09:40 AM

Updated : 26 Apr 2022, 06:01 PM

জেলায় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের শক্ত নেটওয়ার্ক থাকলেও কোনও পুলিশি নজরদারি নেই।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ড. গালিব গ্রেফতার হলে তার অনুসারীরা নেতার মুক্তির দাবিতে গাজীপুরে সাংবাদিক সম্মেলন, পোস্টার, দেয়াল লিখন, লিফলেট বিতরণসহ নানা কর্মসূচি পালন করে।

গালিব অনুসারীরা কুয়েতভিত্তিক এনজিও ‘রিভাইভাল অব ইসলামিক হেরিটেজ সোসাইটি অব কুয়েত‘ (আরআইএইচএস)-এর মাধ্যমে গাজীপুর সদরে একটি বড় এতিমখানা চালাচ্ছে এবং আনুমানিক পাঁচশ‘ মসজিদ নির্মাণ করেছে। এছাড়াও আরও অনেক মসজিদের ওযুখানা, এতিমখানা, পানির কল বসানোসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজের মাধ্যমে ঘঁটি গাড়ছে। এসব মসজিদে নিজেদের মতাদর্শী ইমাম নিয়োগ দিয়ে প্রচারণা চালালেও এ ব্যাপারে গাজীপুর জেলা প্রশাসনের ভূমিকা নীরব ।

এমনকি ড. গালিব গ্রেপ্তারের পর দেশের অন্যান্য স্থানে তার অনুসারীদের ওপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি পেলেও গাজীপুরে এর ব্যতিক্রম লক্ষ্য করা যায়।

অনুসন্ধানে জানা যায়, গাজীপুর সদরের ছয়দানা, পোড়াবাড়ি, মাস্টারবাড়ি, ভাওরাইদ, ভাওয়াল মির্জাপুর, পানিশাইল এলাকায় ড. গালিবের অনুসারীদের রয়েছে শক্ত ঘাঁটি। তবে ছয়দানা এলাকায় তারা বেশি তৎপর। এখানে গালিবপন্থি আহলে হাদিস আন্দোলনের জেলা কার্যালয়।

সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ কফিলউদ্দিনের বাড়িও এখানে।

তিনি কুয়েতি এনজিও‘র সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে বিডিনিউজকে বলেন, এরা (এনজিও) মসজিদ, এতিমখানায় সাহায্য সহযোগিতা করে। তবে এ এনজিও অন্য কোন তৎপরতার সাথে জড়িত নয় বলে তিনি জানান।

খোঁজ নিয়ে জানা যায়, ডঃ গালিব প্রতিষ্ঠিত ‘তাওহীদ ট্রাস্ট‘-এর কেন্দ্রীয় কার্যালয়ে অফিস সহকারি হিসাবে কর্মরত ছিলেন মুহাম্মদ কফিলউদ্দিন। সেখান থেকে গালিবের সাথে তার ঘনিষ্ট যোগাযোগ তৈরি হয়।

ড. গালিব কয়েকবার গাজীপুর আসেন। কফিলউদ্দিন এসব কথা স্বীকার করলেও তাদের জঙ্গি তৎপরতার কথা অস্বীকার করেন।

আরও জানা যায়, জেলা সদরের কাউলতিয়া ইউনিয়নের ভাওরাইদ এলাকায় যুক্তরাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ ঘোষিত এনজিও আরআইএইচএস’র অর্থে কয়েক বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে আল হাজমি এ্যান্ড খোরাফি নামে ১০ একর জমির ওপর একটি এতিমখানা। সংক্ষেপে এটি ভাওরাইদ এতিমখানা হিসাবে পরিচিত।

এ এতিমখানার কর্মকাণ্ড বেশ রহস্যজনক বলে স্থানীয় লোকজনের অভিযোগ।