ইরাকের কারাগারে বন্দী স্বামীকে ফিরে পেতে স্ত্রীর আবেদন
আমার সিঁথির সিঁদুর মুছে দিয়েন না। আমার স্বামীকে ফিরিয়ে দিন।
আমার স্বামী নির্দোষ। এভাবেই ইরাকের কারাগারে বন্দী স্বামীকে ফিরে পেতে সরকারের প্রতি আকূল আবেদন জানিয়েছেন স্ত্রী বেন্জু বড়ুয়া।
চট্টগ্রাম প্রেস ক্লাবে শনিবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, দীর্ঘ দু বছর ধরে তিনি জানতেন না তাঁর স্বামী নির্মল বড়ুয়া জীবিত না মৃত। তিনি ২০০৫ এর ৩০ জুলাই দৈনিক যুগান্তরের ‘পরবাসী’ পাতায় প্রকাশিত প্রতিবেদনে জানতে পারেন, তার স্বামী ইরাকের কারাগারে বন্দী।
অবৈধভাবে লেবাননে পাড়ি দেওয়া নির্মল বড়ুয়ার সাথে পারিবারের যোগাযোগ ছিল সর্বশেষ ২০০৩ পর্যন্ত। স্ত্রীর অনুরোধে দেশে ফিরে আসার সময় লেবানন থেকে সড়ক পথে ইরাক পোঁছলে সেদেশের পুলিশ নির্মলকে আটক করে কারাগারে নিয়ে যায়। ইরাকের কারাগারে নির্মল এখন মানবেতর জীবনযাপন করছে।
বিয়ের ১২ দিন পর নবপরিণীতা স্ত্রীকে রেখে ১৯৯৮ সালে স্থানীয় দালালের খপ্পরে পড়ে অর্থের লোভে জমি জমা বিক্রি করে নির্মল পাড়ি জমান সুদূর লেবাননে। দীর্ঘ দু বছর পর নির্মল বেঁচে আছে জানতে পেরে স্ত্রী স্বামীকে, অসহায় বৃদ্ধ বাবা-মা ছেলেকে জরুরি ভিত্তিতে ফিরে পেতে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কাছে আকূল আবেদন জানান।
