সব কিছু ছাপিয়ে বিচারের দাবিই মুখ্য
নিজের কক্ষপথ ইতোমধ্যে পুরো এক চক্কর ঘুরে এসেছে পৃথিবী, পার হয়েছে ৩৬৫টি দিন। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগ সমাবেশে গ্রেনেড হামলার এক বছর পার হলেও এর সাথে জড়িত অপরাধীদের বিচারের দাবি আজও নীরবে নিভৃতে কেঁদে ফিরছে।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দেহরক্ষী, ওই ঘটনায় নিহত মাহাবুবের পিতা হারান মোল্লা আক্ষেপ করে বলেন, কোথায় বিচার, কে করবে বিচার?
ওই দিন মুহুর্মুহু গ্রেনেড বিষ্ফোরণ ও গুলি বৃষ্টির মধ্যেও নিজের কর্তব্যের প্রতি অটল মাহাবুব শেখ হাসিনাকে নিজ প্রাণের বিনিময়ে রক্ষা করে বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
মাহবুবের অবর্তমানে পরিবারটি দুর্দশায় পড়েছে ঠিকই, কিন্তু সমস্ত কিছু ছাপিয়ে আওয়ামী লীগ অন্তঃপ্রাণ পরিবারটির মূল দাবি ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের বিচার।
ওই ট্র্যাজেডির শিকার কয়েকজন হতভাগ্যের পরিবারের সদস্যদের সাথে পৃথক পৃথক কথোপকথনেও একই দৃষ্টিভঙ্গি টের পাওয়া গেলো। নিহতদের অনেকেই ছিলেন নিজ নিজ পরিবারে উপার্জনক্ষম একমাত্র বা প্রধান ব্যক্তি। প্রিয়জনের মৃত্যুতে বুকের গভীরে বিশাল শূন্যতা আর বাস্তবের সংসারে নিত্য অনটন মোকাবেলা করেও আজ তাদের প্রধানতম দাবি-গ্রেনেড হামলার যথাযথ তদন্ত হোক, দোষীদের বিচার হোক।
আওয়ামী লীগের পক্ষ থেকে অধিকাংশ নিহতের পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। কিন্তু বিচারতো একমাত্র সরকার-ই করতে পারে, বললেন ওই ঘটনায় নিহত আব্বাসউদ্দিন শিকদার রতনের বিধবা স্ত্রী নুসরাত জাহান রোজী।
বিচার কাজের শম্বুক গতির প্রতি ইঙ্গিত করে রোজী প্রশ্ন করেন, সরকার কি আসলেই ঘাতকদের বিচারের ব্যাপারে আন্তরিক?
বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ওই হামলায় মারাত্মকভাবে আহত কয়েকজন এখনো শরীরের অভ্যন্তরে গ্রেনেডের স্পিøন্টার বহন করে চলেছেন। এ রকমই একজন সাভারের মহিলা আওয়ামী লীগ কর্মী মাহবুবা পারভীন। সেদিনের ঘটনায় মারাত্মক আহত মাহবুবার দেহের অভ্যন্তরে এখনো গ্রেনেডের প্রায় এক হাজারটি ক্ষুদ্র কণা রয়ে গেছে বলে জানিয়েছিলেন ভারতের চিকিৎসকরা।
মাহবুবা জানান, সিঙ্গাপুরে গিয়ে উন্নত চিকিৎসা করাতে পারলে শরীর থেকে স্পিøন্টারগুলো বের করে সম্পূর্ণ সুস্থ হওয়া যেতো। কিন্তু তার সাধ্যতো আমার নেই।
কিন্তু অপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে দেখতে পেলেও খানিকটা সান্ত¡না পেতাম-এভাবেই আক্ষেপ জানান মাহবুবা পারভীন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং ২১ আগস্টের হামলার অন্যতম শিকার মাহমুদুর রহমান মান্না তদন্ত কাজে গড়িমসির কারণ হিসেবে ওই ঘটনার সাথে সরকারের সম্পৃক্ততার প্রতি ইঙ্গিত করে বলেন, সুষ্ঠু তদন্ত হলেতো সরকার অসুবিধায় পড়বে।
