বোমা হামলাকারীদের খুঁজে বের করতে সরকার ও বিরোধী দলকে আলোচনায় বসতে কূটনীতিক মহলের চাপ আসছে
দেশজুড়ে বুধবারের বোমা হামলার ঘটনায় হতবিহ্বল ঢাকায় বিদেশী কূটনীতিকরা হামলাকারীদের খুঁজে বের করতে সরকার এবং বিরোধী দল উভয়কেই আলোচনায় বসার জন্য চাপ সৃষ্টি করতে যাচ্ছেন।
বুধবারের বোমা হামলায় কেবল দেশবাসিই হতবাক হননি, এ ঘটনায় দক্ষিণ এশিয়াসহ পুরো বিশ্বে বাংলাদেশকে নিয়ে তোলপাড় শুরু হয়েছে। বোমা হামলার পর তারা মনে করছেন, বাংলাদেশে জঙ্গীবাদ ও ধর্মীয় মৌলবাদীদের উত্থানের ব্যাপারে যে আশংকা করা হচ্ছিল তা বাস্তবে পরিণত হয়েছে।
বিডিনিউজের সাথে আলাপকালে পশ্চিমা এক কূটনীতিক বলেন, সরকার এবং বিরোধী দল কেউই বুধবারের বোমা হামলার গুরুত্ব উপলব্ধি না করে একে অপরকে দোষারোপ করে চলেছে।
ওই কূটনীতিক বলেন, তাদের বোঝা উচিত যে, একে অপরকে দোষারোপ করার সময় এটি নয়। এর সমাধানের জন্য আমরা ক্ষমতাসীন ও প্রধান বিরোধী দলসহ বৃহৎ রাজনৈতিক দলগুলোকে নিয়ে একত্রে কাজ করতে চাই। কেননা পরিস্থিতি বাস্তবিকই খুব খারাপ।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সন্ত্রাসীদের প্রতিহত করতে আমরা চাই সকল রাজনৈতিক দল এগিয়ে আসুক।
সূত্র জানায়, দেশজুড়ে বোমা হামলার পর কূটনৈতিক মহল সরকার বা বিরোধী দল এককভাবে ঢালাও মন্তব্য করে চলুক তা চাচ্ছেন না। তারা চাচ্ছেন সরকার ও বিরোধী দল একসাথে কোনও বিবৃতি দিক অথবা ঐক্যবদ্ধ অভিযান পরিচালনা করুক।
শীর্ষ কয়েকজন কূটনীতিক, রাষ্ট্রদূত ও হাইকমিশনার ইতোমধ্যেই তাদের সাথে আলোচনা করেছেন এবং আগামী সপ্তাহে তারা আনুষ্ঠানিকভাবে আলোচনায় বসতে যাচ্ছেন। খুব সম্ভবত রোববার এ আলোচনা হতে পারে বলে সূত্র জানায়।
কূটনৈতিক সূত্র জানায়, ঢাকাস্থ অনেক দূতাবাস থেকে তাদের নাগরিকদের জন সমাগম স্থল এড়িয়ে চলার এবং হরতালের সময় বাইরে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বেশ কয়েকজন কূনীতিক দ্বিধা দ্বন্দের মধ্যে আছেন। দুদেশের মধ্যকার সম্পর্কে তিক্ততা বাড়তে পারে এই ভেবে তারা বোমা হামলা এবং গোয়েন্দা সংস্থার দুর্বলতার জন্য সরকারকে দোষারোপ করতে পারছে না। অন্য এক কূটনীতিক বিডিনিউজকে বলেন, এ ধরনের পরিস্থিতিতে তারা নিশ্চুপ থাকতেও পারছেন না।
মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং ভারত সরকার এবং বেশ কয়েকটি দেশের সাথে সংহতি প্রকাশ করেছে। এমনকি ভারত বাংলাদেশকে যেকোনও ধরনের সহায়তা দেওয়ারও প্রস্তাব দিয়েছে।
সংহতি প্রকাশ করে যুক্তরাষ্ট্র বলেছে, বোমা হামলাকারীদের খুঁজে বের করতে বাংলাদেশ সরকারের পাশে দাাঁড়াতে তারা রাজি আছে।
জাপান এ ধরনের ধারাবাহিক বোমা হামলার ঘটনায় তার উদ্বেগের কথা জানিয়েছে। এদিকে ভারত বলেছে, বাংলাদেশ সরকারের উচিত এ হামলার মূল হোতাদের খুজে বের করা এর জন্যে তারা ‘প্রয়োজনীয় সহযোগিতা’ দিতে প্রস্তুত।
ভারতের সরকারি মুখোপাত্র বলেন, একটি স্থীতিশীল, সম্ভাবনাময়, সাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ নিশ্চিত করা কেবল দেশটির নিজ স্বার্থেই নয়, ভারত তথা গোটা অঞ্চলের জন্যেই এটি গুরুত্বপূর্ণ।
ওই কূঠনীতিক বলেন, বাংলাদেশের জনগণকেই বুঝতে হবে যে, তাদের জন্যে কোনটি ভালো, কোনটি খারাপ। এ বোমা হামলা প্রমান করেছে জাতীয় নিরাপত্তা সম্পূর্ণ ঝুঁকির মুখে। সরকারের জন্যে এ ঘটনাকে কেবল রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেয়াই যথেষ্ট হবে না। এ ধরনের ঘটনা পূর্বে কল্পনাও করা যায়নি।
