গাজীপুর ও টাঙ্গাইলে সড়ক দূর্ঘটনায় নিহত ৫, আহত ১৫
গাজীপুরের সালনায় এবং টাঙ্গাইলে শুক্রবার পৃথক সড়ক দূর্ঘটনায় পাঁচজন নিহত এবং ১৫ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৬টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি যাত্রীবাহী কোচ ও একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের তিন আরোহী নিহত এবং কোচের পাঁচ যাত্রী আহত হয়।
নিহতরা হচ্ছে, অগ্রণী ইনস্যুরেন্স কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক আহমদ (৪০), তার তৃতীয় শ্রেণী পড়ুয়া ছেলে নাজমুল সাকিব (১২) এবং প্রাইভেট কারের চালক কাজী সিফু (২৪)।
নিহত তারেক আহমদের বাড়ি নরসিংদী জেলার পূর্ব ব্রাহ্মনদী এলাকায়। স্ত্রী আসমা আহমদ ও ছেলে সাকিবকে নিয়ে তিনি উত্তরা ৮ নম্বর সেক্টরে থাকতেন। মেয়ে নওশীন ময়মনসিংহ বালিকা ক্যাডেট কলেজের হোস্টেলে থাকায় ছুটির দিনে তাকে দেখতে তারা ময়মনসিংহ যাচ্ছিলেন।
দূর্ঘটনার পর হালুয়াঘাট থেকে ঢাকাগামী আক্তার ট্রাভেলসের ঘাতক কোচের চালক পালিয়ে যায়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেছে।
অপর দু’টি ঘটনায় টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত এবং ১০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার ভোর ৪টার দিকে বাসাইল উপজেলার পাটখাগুরিতে একটি ট্রাকের মেরামত কাজ চলছিল। এসময় উত্তরাঞ্চলগামী অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ওই ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত ও পাঁচজন আহত হয়।
নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সেন্টু (৩০)। বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মুন্সীগঞ্জ গ্রামে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু সেতু সংলগ্ন ইব্রাহিমাবাদ স্টেশনের কাছে টঙ্গী থেকে গাইবান্ধাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দেয়।
এতে পাঁচজন আহত হয়।
গুরতর আহত চারজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
