উপুর্যপুরি বোমা বিস্ফোরণে চট্টগ্রাম কম্পিত, আহত ৫
বন্দর নগরী চট্টগ্রামে বুধবার সকালে দফায় দফার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আধ ঘন্টার মধ্যে এসব বিস্ফোরণে কমপক্ষে পাঁচ জন আহত হয়।
বোমা বিস্ফোরণের ঘটনায় পুরো নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা শহরে অঘোষিত রেড অ্যালার্ট জারি করেছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ (সিএমপি) জরুরি এক বৈঠকে মিলিত হয়। বৈঠকে কমপক্ষে চার হাজার নিরাপত্তা কর্মীকে কোথায় কোথায় মোতায়েন করা হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর পাশাপাশি নগরীর বিভিন্ন স্থানে ৭২টি চেক পয়েন্ট স্থাপন করা হয়েছে।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, নগরীর কোর্ট বিল্ডিং ও চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গন থেকে পুলিশ ব্যাটারি, টাইমার, বিস্ফোরক তৈরির সরঞ্জামসহ পাঁচটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করে।
সিএমপি’র কমিশনার মাজেদুল হক জানান, একটি সংগঠিত দলের নির্দিষ্ট স্থানে স্থাপন করা বোমাগুলো বুধবার সকাল ১১ টা থেকে সাড়ে ১১ টার মধ্যে বিস্ফোরিত হয়েছে।
দফায় দফায় বোমা বিস্ফোরণের পরও নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, শাহ্ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর, চট্টগ্রাম বন্দর, টেলিভিশন কেন্দ্র, তিনটি তেল কোম্পানিসহ নগরীর সকল গুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে তিনি জানান।
পুলিশ কমিশনার স্বীকার করেছেন যে, গোয়েন্দা বাহিনীর গা ছাড়া মনোভাবের কারণে বোমা বিস্ফোরণের মত ঘটনাগুলো ঘটেছে। তিনি বলেন, দেশের অন্যান্য স্থানের মত বন্দর নগরীতেও নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহিদিনের কর্ম তৎপরতা রয়েছে।
বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলগুলোতে র্যাব সদস্যদের গাড়িতে সাইরেন বাজিয়ে টহল দিতে দেখা গেছে।
চট্টগ্রাম প্রেস ক্লাব প্রান্তরের কাছে একটি ভ্যানে দোকানের ভিতর থেকে প্রচন্ড শব্দে বোমার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে দোকানি আহত হয়। তার পা, হাতসহ শরীরের বেশ কিছু অংশ পুড়ে গেছে। দোকানির নাম, পরিচয় জানা সম্ভব হয়নি। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ বোমা বিস্ফোরণে আহত দু’জনকে ভর্তি করেছে। আহতরা হলেন-দেলওয়ার হোসেন (১৪) ও আব্দুল হাই (৩৫)।
বিস্ফোরণের অল্প কিছুক্ষণ পরপরই কিছু লোককে বাংলা ও আরবীতে লেখা লিফলেট বিতরণ করতে দেখা গেছে।
চট্টগ্রাম প্রেস ক্লাব, শাহ্ আমানত ব্রিজ, ইপিজেড এলাকা, বহদ্দরহাট বাস টার্মিনাল, দারুল ফজল মার্কেট, পোর্ট ভবন এলাকা, মুরাদপুর, হালিশহর কোর্ট বিল্ডিং, সিএমএম কোর্ট, রেজিস্ট্রি অফিস, কাজির দেউরি ক্রসিং, লালখান বাজার, আগ্রাবাদ ও দেওয়ান হাট এলাকায় বুধবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
উপুর্যপুরি বোমা বিস্ফোরণের ঘটনায় নগরবাসী আতংকের মধ্যে রয়েছে।
