২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারাই বোমা হামলার জন্য দায়ী: বিএনপি

সারাদেশে একযোগে বোমা হামলার প্রতিবাদে ক্ষমতাসীন জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দ বুধবার আয়োজিত প্রতিবাদ সমাবেশে বলেন, যারা গণতন্ত্র এবং দেশের উন্নযনে বিশ্বাস করে না তারাই এই বোমা হামলার জন্য দায়ী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2005, 09:35 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

সমাবেশে বক্তৃতাকালে দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না এবং অরাজক পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে ক্ষমতায় যেতে চায়, তারাই এ বোমা হামালা চালিয়েছে।

নগরীর মুক্তাঙ্গনে দুপুরে বোমা হামলার মাধ্যমে অরাজকতা, বিশৃঙ্খলতা এবং আতঙ্ক সৃষ্টির প্রতিবাদে মহানগর বিএনপি এ সমাবেশ আয়োজন করে। ঢাকা মহানগর বিএনপির সভাপতি এবং মেয়র সাদেক হোসেন খোকা সমাবেশে সভাপতিত্ব করেন।

মান্নান ভূঁইয়া ধংসাত্মক পরিস্থিতি ঠেকাতে এ জঘন্য হামলার সাথে জড়িতদের খুঁজে বের করতে দেশবাসীর প্রতি সহযোগিতার আহ্বান জানান।

তিনি বলেন, বোমা হামলাকারিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে এবং তাদের রাজনৈতিক ও প্রশাসনিকভাবে দমন করা হবে।

তিনি আরও বলেন, সন্ত্রাসের সঙ্গে কোনও আপোস নয় এবং সন্ত্রাসীদের কোনও রাজনৈতিক পরিচয় নেই।

হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার জন্যে দেশবাসীর সহযোগিতা চেয়ে মান্নান ভূঁইয়া বলেন, ভয় পাওয়ার কোনও কারণ নেই। বিএনপি আপনাদের সঙ্গে আছে, প্রশাসনকে সহযোগিতা করুন, প্রশাসন আপনাদের সহযোগিতা করবে।

অন্যদিকে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশে বলেন, বোমা হামলার ঘটনাকে রাজনৈতিকভাবে না নিয়ে প্রকৃত হামলাকারিদের খুঁজে বের করতে হবে।

মন্ত্রী আরও বলেন, বিস্ফোরণের ঘটনায় ভয় পাবেন না। তারা যে-ই হোক না কেন, তারা কাপুরুষ। বিএনপি কোনও ছোট রাজনৈতিক দল নয়। অরাজকতা সৃষ্টির মাধ্যমে হামলাকারিরা কোনও সুযোগ নিতে পারবে না। আমরা বোমায় ভয় পাই না।

দেশব্যাপী এ কাপুরুষোচিত হামলার নিন্দা জানিয়ে তিনি হামলায় আহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

সমাবেশে আগত জনতার উদ্দেশে তিনি বলেন, হামলার সাথে জড়িত বেশ কিছু মানুষকে আইন প্রয়োগকারি সংস্থা গ্রেপ্তার করেছে। দু-এক দিনের মধ্যেই প্রকৃত ঘটনা বের হয়ে আসবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, যারা দেশের উন্নতি চায়না, তারাই এ হামলা চালিয়েছে।

সমাবেশে অন্যান্যের মধ্যে সিনিয়র বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, মীর্জা আব্বাস, গয়েশ্বর রায়, আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু বক্তব্য রাখেন।