২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা বিস্ফোরণের পর পুলিশের ব্যাপক অভিযান

রাজধানীসহ দেশব্যাপী বুধবার দফায় দফায় বোমা বিস্ফোরণের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক অভিযান শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2005, 09:01 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজকে জানান, ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ৫০ জনেরও বেশি লোককে ঘটনার সাথে জড়িত সন্দেহে আটক করা হয়েছে। তাদেরকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানায়, বিস্ফোরণের পরপরই ঢাকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ও বাংলামোটর এলাকা থেকে ছয়জনকে আটক করা হয়েছে।

বাংলামোটর থেকে রুহুল আমিন (৩০) নামের একজনকে আটক করা হয়েছে।

এছাড়া জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটককৃতরা হচ্ছে-রবিউল (২৫), শাহজালাল (২০), হামিদুর (১৬), জাহিদুল (১৭) এবং কাওসার (১৮)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (দক্ষিণ) ডিসি মাজহারুল হক বিডিনিউজকে জানান, বাংলামোটর এলাকা থেকে বোমা বিস্ফোরণে আহত রুহল আমিনকে আটক করে প্রথমে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এরপর সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রাজধানীর ৩০টি স্পটে একযোগে বোমা হামলা চালানো হযেছে। এরমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছাকাছি এলাকা, বিমানবন্দর, সচিবালয়, সুপ্রিমকোর্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অন্যতম।

বোমা আতঙ্কে নগরবাসী দ্রুত ঘরে ফিরে যায়। ফলে বিকেলে রাস্তাগুলো অনেকটাই ফাঁকা হয়ে পড়ে।

প্রধানমন্ত্রীর কার্যালয়, পুলিশ সদর দফতর, বিমান বন্দর, মার্কিন দূতাবাস, সচিবালয়, সুপ্রিম কোর্ট ও জজকোর্ট ছিলো হামলার প্রধান লক্ষ্য।

হামলার পরে নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে প্রহরা জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্যদের এসব এলাকায় টহল দিতে দেখা যায়।

বিভিন্ন সড়ক দ্বীপ ও মোড়গুলোতে পুলিশ পথচারি ও গাড়ির যাত্রীদের ওপর ব্যাপক তল্লাশী চালায়।