২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে গৃহকর্ত্রী হত্যা মামলায় আসামি খালেকের দোষ স্বীকার

মিরপুরের গৃহকর্ত্রী রাবেয়া খাতুন হত্যা মামলায় গ্রেফতারকৃত ভাড়াটে সন্ত্রাসী আব্দুল খালেক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2005, 08:50 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

মহানগর হাকিম ননী গোপাল বিশ্বাসের খাস কামড়ায় খালেক জানায়, নিহত গৃহকর্ত্রী রাবেয়ার প্রতিবেশী আকতার হোসেন রাবেয়াকে খুনের জন্যে তার সাথে ৩০ হাজার টাকার চুক্তি করে। চুক্তি অনুযায়ী খালেক ১ আগস্ট রাবেয়ার বাড়ির ভাড়াটে হিসেবে নিচতলার ফ্লাটে ওঠে। ১৫ আগস্ট রাতে আকতার হোসেন খালেককে চুক্তির ৩০ হাজার টাকা ও একটি ধারালো ছোরা দেয়।

ঘটনার দিন সকাল সাড়ে ৭টায় বাচ্চাকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে বাড়ির সামনের রাস্তায় খালেক গৃহকর্ত্রী রাবেয়াকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। রাবেয়া খাতুনের চিৎকারে আশপাশের লোকজন এসে খালেককে ধরে পুলিশে সোপর্দ করে।

এদিকে পুলিশ এ মামলার প্রধান আসামি গ্রেফতারকৃত আকতার হোসেনকে বুধবার দু’দিনের রিমান্ডে নিয়েছে।