বোমা হামলার প্রভাব পড়েছে রাজধানীর ব্যবসা বাণিজ্যে
সারাদেশে বুধবার একযোগে বোমা হামলার প্রভাব পড়েছে রাজধানীর বিভিন্ন খাবারের দোকান ও শপিং সেন্টারগুলোতে। হামলায় জনমনে চরম আতঙ্ক দেখা দিয়েছে।
বিভিন্ন শপিং সেন্টার ও খাবারের দোকানের ব্যবসায়ী, কর্মকর্তা ও বিক্রেতারা জানায়, বোমা হামলার কারণে প্রতিদিনকার তুলনায় বুধবার তাদের ব্যবসা ২৫ থেকে ৩০ শতাংশ হ্রাস পেয়েছে।
নগরীর বেইলি রোড়ের খাবারের দোকানগুলো ব্যবসায় চরম মন্দাভাবের কথা জানায়।
অন্যদিকে স্টাণ্ডার্ড চার্টার্ড ব্যাংকের এক কর্মকর্তা জানান, বোমা হামলার কারণে তাদের ইভিনিং ব্যাঙ্কিং বুধবার বন্ধ ছিল।
স্ট্যাণ্ডার্ড চার্টার্ড ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান মাসুদ ইমাম বিডিনিউজকে জানান, সারাদেশের বিশৃঙ্খল পরিস্থিতি এবং আমাদের কর্মকর্তা-কর্মচারিদের নিরাপত্তার খাতিরে ইভিনিং ব্যাঙ্কিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইস্টার্ন প্লাজা মার্কেট কমিটির এক কর্মকর্তা বলেন, বোমা হামলার কারণে তাদের ব্যবসা ৩০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুপুরের দিকে মার্কেট প্রায় জনশূণ্য ছিল।
তিনি আরও বলেন, মার্কেট কমিটি গ্রাহক ও কর্মরত কর্মচারিদের নিরাপত্তার কথা বিবেচনা করে মার্কেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে।
স্বনামধন্য খাবারের দোকান কুপারস’র উপদেষ্টা কর্ণেল ফরিদ বিডিনিউজকে বলেন, বিস্ফোরণের পর আমাদের ব্যবসা কমপক্ষে ১৫ থেকে ২০ শতাংশ হ্রাস পেয়েছে।
নগরীর মৌচাক মার্কেটের আপন জুয়েলার্সের উত্তম কর্মকার বলেন, বিস্ফোরণের কারণে আমাদের বেচা-কেনা অনেক কম হয়েছে।
বেইলি রোড়ের গোল্ডেন ফুডের বিক্রেতা শামসুজ্জামান বলেন, আজ গ্রাহকের উপস্থিতি ছিল না বললেই চলে।
চাদনী চক মার্কেটের শিরোমণি ফ্যাশন হাউজের বিক্রেতা বলেন, প্রকৃতপক্ষে আজ আমাদের কোনও ব্যবসাই হয় নি।
