প্রধানমন্ত্রীর চীন সফর সংক্ষিপ্ত করার কোনও কারণ নেই
পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন বুধবার বলেছেন, দেশে বোমা হামলার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চীন সফর কর্মসূচি সংক্ষিপ্ত করার কোনও কারণ নেই।
পররাষ্ট্র সচিব তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলোচনাকালে বলেন, প্রধানমন্ত্রী তার সফর কর্মসূচি সম্পন্ন করেই দেশে ফিরবেন।
প্রধানমন্ত্রী বুধবার সকাল সাড়ে নয়টায় পাঁচ দিনের সফরে ঢাকা ত্যাগ করেন। এর মাত্র আধা ঘণ্টা পর জিয়া বিমানবন্দরসহ গোটা দেশ জুড়ে ধারাবাহিক বোমা হামলা শুরু হয়।
হেমায়েতউদ্দিন আরও বলেন, এ ঘটনায় ঢাকায় বিদেশি কূটনীতিকদের নিরাপত্তাহীনতা অনুভবের কোনও কারণ নেই। সরকার তাদের সহায়তাকল্পে সবসময়ই পাশে রয়েছে এবং তাদের প্রয়োজনে সব ধরনের সহযোগিতা প্রদানে সরকার প্রস্তুত।
পররাষ্ট্র সচিব বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের এক বৈঠকে উপস্থিত থাকার জন্য বৃহস্পতিবার ইসলামাবাদ যাবেন।
